ভিজিডি সঞ্চয়ের টাকা ফেরত
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ২০১৫–১৬ অর্থবছরের ভিজিডি সঞ্চয়ের টাকা সেবাগ্রহীতা নারীদের ফেরত দেওয়া হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়নের ১ হাজার ২৬৭ জন নারীর ভিজিডির মেয়াদ শেষ হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের ২ বছরের সঞ্চয়ের ১ হাজার ১১০ টাকা করে ফেরত দেওয়া হয়।
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে মহিলাবিষয়ক অধিদপ্তর ও ওকাব সোসাইটির আয়োজনে সঞ্চয়ের ওই টাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ আজিম উদ্দিন, রেনু বেগম ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপির চেয়ারম্যান কামরুল আলম, হুমায়ুন কবির, আনোয়ার হোসেনপ্রমুখ।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১ হাজার ৭৬৭ জন ভিজিডি কার্ডধারী নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হতো। চাল দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে সঞ্চয় রাখা হতো। মেয়াদ শেষ হওয়ায় গতকাল ভিজিডি সুবিধাভোগী নারীদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়।