ভিজিডির গম আটক, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
রাজশাহীর পুঠিয়ায় ভিজিডির গম কালোবাজারে বিক্রির অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার উপজেলা সদরে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন অভিযান চালিয়ে ওই গম আটক করে থানায় নিয়ে যান। পরে এ ঘটনায় রাতেই স্থানীয় যুবলীগের কর্মী আবুল ফজল প্রামাণিক বাদী হয়ে এলাকাবাসীর পক্ষে চেয়ারম্যান রুস্তম আলী এবং তাঁর দুই সহচর এবাদুল্লাহ ও আবদুল মজিদের নামে একটি মামলা করেন। চেয়ারম্যান রুস্তম আলী বলেন, ইউনিয়ন পরিষদের ১০ চৌকিদার ও দফাদারদের স্ত্রীর নামে এই গম বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা দুই মাসের ৬০০ কেজি গম একসঙ্গে করে নিয়ে যাচ্ছিল। তিনি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পূর্বশত্রুতার জের ধরে মামলা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তারেক স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন।