ভিজিডির গম ওজনে কম দেওয়ার অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে দুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির গম ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুবিধাভোগী নারীরা এ ব্যাপারে প্রতিবাদ করায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের কার্ড বাতিলের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভিজিডি কার্ডধারী নারীরা অভিযোগ করেন, দেউলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ১৪৭ জন দুস্থ নারীকে সরকার খাদ্য-সহায়তা দিয়ে আসছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কার্ডধারীকে প্রতিমাসে ৩০ কেজি করে খাদ্য (চাল-গম) দেওয়ার কথা। সোমবার ওই কার্ডের গম বিতরণ করার সময় কার্ডপ্রতি আট থেকে নয় কেজি গম কম দেওয়া হয়। ওজনে কম পাওয়ায় দুস্থ মাতারা এর প্রতিবাদ করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিজিডি কার্ডধারীরা ওজনে কম দেওয়ার বিষয়টি জানালেও চেয়ারম্যান কোনো কথা না বলে আগের ওজনেই গম বিতরণ করতে থাকেন। তখন তাঁরা একজোট হয়ে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করে হইচই করতে থাকেন। তখন চেয়ারম্যান হুমকি দেন বেশি বাড়াবাড়ি করলে আগামী মাস থেকে কার্ড বাতিল করা হবে।দেউলী ইউপির সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান সাহেব তাঁর নিজস্ব সিদ্ধান্তে এসব করেন। সোমবারসহ এর আগেও তিনি এ কাজ করেছেন। আমরা ওজনে কম দেওয়ার বিষয়টি একাধিকবার সভাতে তুলেছি। কিন্তু চেয়ারম্যান আমাদের কথা শোনেন না।’ গম বিতরণ-কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিনি গম দেওয়া শুরু করে দিয়ে কিছু সময়ের জন্য চলে এসেছিলেন। সে সময় কম দেওয়ার ঘটনা ঘটতে পারে। আবার যেসব ফড়িয়া এ গম কিনে নেন, তাঁরাও ওজন কমের কথা বলতে পারেন। ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম দাবি করেন, ওজনে কম দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। কোনো হট্টগোলও হয়নি। সরকারি নিয়ম মোতাবেক সুষ্ঠুভাবে গম বিতরণ করা হচ্ছে। তিনি কার্ডধারীদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, তিনি এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।