ভিজিডির গম কম দেওয়ার অভিযোগে চেয়ারম্যান হাজতে
ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেপেলপমেন্ট) গম ওজনে কম দেওয়ার অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম জি সরোয়ার হোসেন ফারাজিকে গ্রেপ্তার করা ও জেলহাজতে পাঠানো হয়েছে। উপকার ভোগীদের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মামলা হয়। আদালতে হাজির করলে আদালত তাঁকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।মহিলাবিষয়ক অধিদপ্তরের অভয়নগর কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গতকাল চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিদ্দিপাশা ইউনিয়নে ২৪৫ জন বিধবা ও দুস্থ নারীকে ভিজিডি কার্ড দেওয়া হয়েছে। প্রত্যেক নারী প্রতি মাসে ৩০ কেজি গম পেয়ে থাকেন। গত সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই গম বিতরণ করছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য মল্লিক মুজিবর রহমান এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ সরদার। চৌকিদার কৃষ্ণপদ বিশ্বাস গম মেপে দিচ্ছিলেন। চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন না। ধুলগ্রাম গ্রামের তিনজন উপকারভোগী ছনেকা বিশ্বাস, আরতি বিশ্বাস ও মঞ্জু মণ্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গম ওজনে কম দেওয়ার লিখিত অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন তাৎক্ষণিকভাবে প্রকল্প কর্মকর্তা রিজিবুল ইসলামকে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে গম কম দেওয়ার সত্যতা পান। রিজিবুল ইসলাম বলেন, ‘অভিযোগকারী তিনজনের গম চার-পাঁচ কেজি করে কম পেয়েছি। সেভাবে প্রতিবেদন দেওয়া হয়েছে।’ এরপর বিকেলে চেয়ারম্যান এম জি সরোয়ার হোসেন ফারাজিকে গ্রেপ্তার করে পুলিশ।মল্লিক মুজিবর রহমান বলেন, ‘ঘটনার জন্য আমি বা চেয়ারম্যান কেউ দায়ী নন, দায়ী চৌকিদার। তবে আমাদের কিছুটা ত্রুটি হয়েছে।’অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানো হয়েছে।’