ভিজিডির চাল আত্মসাৎ, চেয়ারম্যান কারাগারে
ভিজিডির চাল আত্মসাতের মামলায় গতকাল রোববার দুপুরে নাটোরের বিচারিক আদালত জেলার আড়বাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন। নাটোরের (লালপুর) জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত সূত্রে জানা যায়, লালপুর উপজেলার আড়বাব ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন গতকাল দুপুরে ভিজিডির চাল আত্মসাতের মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জামিন আবেদনের বিরোধিতা করে আদালতকে বলেন, তাঁর বিরুদ্ধে ভিজিডির ৩২০ কেজি চাল আত্মসাতের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী জানান, অভিযোগটি সাজানো ও ভিত্তিহীন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান জামিন আবেদন নামঞ্জুর করে চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকেল তিনটার দিকে তাঁকে নাটোর কারাগারে পাঠানো হয়। বেলাল হোসেন আড়বাব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। গত ২৪ মে ইউপি কার্যালয়ে তল্লাশি চালিয়ে দায়িত্বরত উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া ৩২০ কেজি চাল জব্দ করেন।