ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভিজিডি কার্ডধারীদের মধ্যে নিম্নমানের চাল বিতরণ করেছেন এবং চাল ওজনে কম দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ইউপির কয়েকজন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ২৮৫ জন দুস্থ নারীকে কয়েক মাস ধরে ভিজিডির চাল দেওয়া হচ্ছে। প্রতি মাসে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। গত জুলাই মাসের চাল ১৯ আগস্ট আয়মারসুলপুর ইউপি ভবনে বিতরণ করা হয়।রসুলপুর গ্রামের ভিজিডি কার্ডধারী আজেদা বলেন, ‘এ চালের ভাত খাওয়া যায় না। ভাত আলটে (নরম হয়ে) যায় এবং গন্ধ হয়। আমি সোয়া কেজি চাল কম পাইছি।’পূর্ব কড়িয়ার দেলোয়ারা জানান, তিনি তিন কেজি চাল কম পেয়েছেন। পশ্চিম কড়িয়ার ডলি বেগম জানান, তিনি চাল পেয়েছেন সাড়ে ২৭ কেজি। আয়মারসুলপুর ইউপির চেয়ারম্যান রুহুল আমিন জানান, তিনি কাগজ স্বাক্ষর করে চাল উত্তোলনের দায়িত্ব ইউপি সদস্য গোলাম মোস্তফা ও সচিব সুমনকে দিয়েছেন। খারাপ চাল বিতরণের অভিযোগ ওঠায় তিন বস্তা চাল বদল করে ভালো চাল দেওয়া হয়েছে।খাদ্যগুদামের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘ভিজিডির চাল ইউপি চেয়ারম্যানের লোকেরা নিয়ে গেছেন। আমাদের দেওয়া চাল ভালো মানের ছিল। একই দিনে আরও তিনটি ইউনিয়নে চাল দেওয়া হয়েছে। আয়মারসুলপুর ছাড়া অন্য কোনো ইউনিয়ন থেকে অভিযোগ পাওয়া যায়নি।’ ইউএনও মাহমুদুল আলম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনা নিম্নমানের চাল বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে।