ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের উপকারভোগীদের ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। চাল বিতরণে নিয়োজিত তদারক কর্মকর্তারা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
তদারক কর্মকর্তারা জানান, উপজেলার এক হাজার ৬০০ দুস্থ পরিবারের জন্য সরকার ৪৮ হাজার কেজি চাল বরাদ্দ দেয়, যা দু-তিন দিন ধরে বিতরণ চলছে। এর মধ্যে সব ইউনিয়নের উপকারভোগীরা ৩০ কেজি করে চাল পেলেও ঘাগড়া ইউনিয়নের সদস্যরা পেয়েছেন ২২ থেকে ২৩ কেজি করে।
ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি গ্রামের অনিল চাকমা (২৬) জানান, তিনি ২২ কেজি চাল পেয়েছেন। প্রত্যেককে ২২ থেকে ২৩ কেজি চাল দেওয়া হয়েছে।
ঘাগড়া ওয়ার্ডের সদস্য রুপল চাকমা বলেন, ইউনিয়নের সব ওয়ার্ডের উপকারভোগীরা সাত-আট কেজি চাল কম পেয়েছেন। সব সময় এভাবে চাল কম দেওয়া হয়। তিনি বলেন, ইউনিয়নের ৩৮১ দুস্থ পরিবারের জন্য ১১ হাজার ৪৩০ কেজি চাল বরাদ্দ প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান থুইমং মারমা ২৮ মে এসব চাল খাদ্যগুদাম থেকে ৫ নম্বর ওয়ার্ডে, ২৯ মে ইউনিয়ন পরিষদ থেকে ৪ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন। এ সুবাদে চাল কম দেন তিনি।
চাল বিতরণ তদারক কাজে নিয়োজিত উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাশ বলেন, ‘২৯ মে বিতরণের সময় ১১ বস্তা চাল কম মজুত থাকায় বিতরণ বন্ধ রাখা হয়। ২৮ মে গুদাম থেকে চাল বিতরণ করায় মজুতের পরিমাণ যাচাই করতে পারিনি।’
ইউপি চেয়ারম্যান থুইমং মারমা এ ব্যাপারে মুঠোফোনে বলেন, মজুতে নয় বস্তা চাল কম ছিল। ফলে চাল কম দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘উপকারভোগীদের চাল কম দেওয়ার কথা শুনেছি। চালের মজুত ঠিকমতো নেই এটাও জানিয়েছে ট্যাগ অফিসাররা। এ ব্যাপারে চেয়ারম্যানকে তলব করা হয়েছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’