ভিজিডির চাল কম দেওয়া ঠেকাতে ৩০ কেজির বস্তা
দুস্থ ও অসহায় নারীদের টেকসই উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির চাল বিতরণে অনিয়ম রোধে সরকার ৩০ কেজি মাপের বস্তা সরবরাহ করবে। এটি কার্যকর হবে জুলাই মাস থেকে।
গতকাল সোমবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা জানিয়েছেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে অধিদপ্তর বাস্তবায়িত দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কর্মশালায় মেহের আফরোজ চুমকি বলেন, ‘ভিজিডি কর্মসূচিতে প্রত্যেক উপকারভোগীর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু আমরা পত্রিকায় প্রায়ই দেখতে পাই, উপকারভোগীদের বিভিন্ন অজুহাতে ৩০ কেজির চেয়ে কম চাল দেওয়া হয়। তাই জুলাই মাস থেকে ৩০ কেজি ওজনের চালের বস্তায় চাল বিতরণ করবে সরকার। প্রত্যেক উপকারভোগী একটি করে সিল করা বস্তা পাবেন। বিতরণের আগে কেউ ওই বস্তা খুলতে পারবেন না।’
প্রতিমন্ত্রী দরিদ্র নারীরা যাতে মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের ভাতা যথাযথভাবে পান সেদিকে নজর রাখার তাগিদ দেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম। এতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।