ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থ নারীদের ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ইউপি চেয়ারম্যান রওশন আলী দাবি করেন, চাল তুলতে এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টনপ্রতি ১০০ টাকা দিতে হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের বকশিশ দিতে হয়। চাল তোলার পর প্রতি বস্তায় দুই-তিন কেজি করে কম পাওয়া যায়। চাল পরিবহন ও বিতরণের জন্য কিছু খরচ রয়েছে। এসব খরচ বহন করতে প্রত্যেককে গড়ে কিছু চাল কম দেওয়া হচ্ছে। এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার কবির তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ইউনিয়নের ২৫৪ জন ভিজিডি কার্ডধারী দুস্থ নারীর জন্য ৬ দশমিক ১৯৫ মেট্রিক টন চাল উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুস্থদের মাঝে ওই চাল বিতরণ করা হয়।গতকাল দুপুরে গোলাপগঞ্জ ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভিজিডি চাল কম দেওয়ায় দুস্থ নারীরা চাল না নিয়ে ইউপি ভবনের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। তাঁরা অভিযোগ করেন, তাঁদের প্রত্যেককে চাল দেওয়ার কথা ২৪ কেজি ১০০ গ্রাম। কিন্তু চেয়ারম্যান তাঁদের চাল দেন ২২ থেকে ২৩ কেজি। এর প্রতিবাদ করলে চেয়ারম্যান তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ইউপি সদস্য আশরাফ আলী অভিযোগ করেন, প্রতিবারের চাল বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। চাল উত্তোলন ও বিতরণে ইউপি সদস্যরা তাঁর সঙ্গে সমন্বয় করতে চাইলে তিনি কাউকেই সঙ্গে রাখেন না। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের ভাষ্য, দুস্থ মহিলা ও ইউপি সদস্যদের কাছ থেকে ইউপি চেয়ারম্যানের চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।