ভিজিডির চাল কম দেওয়ায় ইউপি ভবনে তালা, সচিব লাঞ্ছিত
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে গতকাল মঙ্গলবার ভিজিডির চাল বিতরণের সময় কম দেওয়ার অভিযোগে সচিবকে লাঞ্ছিত করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে তালা ঝুলিয়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, তাম্বুলপুর ইউপি ভবনে গতকাল বিকেলে পরিষদের সচিব আমজাদ হোসেন ভিজিডির চাল বিতরণ করছিলেন। জনপ্রতি ২৩ দশমিক ৭ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও সচিব জনপ্রতি ১৫-১৬ কেজি করে চাল বিতরণ করছিলেন। চাল কম দেওয়ায় ভিজিডির কার্ডধারী ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা আমজাদকে ধাক্কা মেরে ভবনের একটি কক্ষের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয় লোকজন এসে সঠিক পরিমাণে চাল দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।কার্ডধারী আনোয়ারা বেগম অভিযোগ করে জানান, ২৩ কেজি করে চাল দেওয়ার কথা বললেও ১৫-১৬ কেজি করে চাল দেওয়া হচ্ছিল। তবে আমজাদ হোসেন দাবি করেন, ১৫-১৬ নয়, ২২ কেজি করে চাল দেওয়া হচ্ছিল। কার্ডধারীরা ক্ষুব্ধ হয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটান।ইউপি চেয়ারম্যান রেজওয়ান আলী জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে ওই সময় তিনি নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন।পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাঁরা কম চাল পেয়েছেন, তাঁদের বাকি চাল দেওয়া হবে।