ভিজিডির চাল কম দেওয়ায় চার ইউপি সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থদের সহায়তায় সরকারের ভিজিডি কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চার ইউপি সদস্যকে ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়, বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বুধবার দুপুরে দুস্থ নারীদের ভিজিডির চাল বিতরণ করা হয়। এ সময় জনপ্রতি দুই মাসের সহায়তা বাবদ ৬০ কেজি চালের স্থলে ৪০ কেজি করে দেওয়ায় সুবিধাভোগী নারীরা প্রতিবাদ করেন। খবর পেয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ইউপি কার্যালয়ে যান এবং অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি এ অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কেওড়াবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য খলিলুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিন সদস্য শাহজাহান মিয়া, সরোয়ার হোসেন ও সেলিম মিয়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ভুবন চন্দ্র হাওলাদার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এই চার ইউপি সদস্যের নির্বাচিত পদ শূন্য হয়ে গেছে। কেননা নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো জনপ্রতিনিধি দণ্ডপ্রাপ্ত হলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে।কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম জানান, দণ্ডপ্রাপ্ত চার সদস্যের সদস্যপদ বাতিল হবে কি না তা আমার জানা নেই। তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান।ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী ওই চারজন সদস্য পদ হারালেও কিছু করার নেই। কারণ, কাউকে গরিবের মাল চুরি করতে দেওয়া যাবে না।