ভিজিডির চাল-গম আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মনিরুজ্জামানের বিরুদ্ধে দুস্থ ও অসহায় নারীদের নামে বরাদ্দকৃত খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ১০ নারী গত বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।ইউএনও অরুণ কুমার মণ্ডল লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, উপজেলা বিআরডিবির প্রকল্প কর্মকর্তা মনমথ সরকারকে এ বিষয়ে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে।লিখিত অভিযোগে বলা হয়, উত্তর পাংখারচর গ্রামের খাদিজা বেগম (কার্ড নং ২৪৫), নাসরিন (কার্ড নং ২৪৪) ও নুরু বেগমের (কার্ড নং ২৫৫) জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের; ইতনা গ্রামের শোভা রানী (কার্ড নং ২১), রেখা বেগম (কার্ড নং ২৫) ও লাকীর (কার্ড নং ৬৭) এক মাসের; চরদৌলতপুর গ্রামের মুরশিদার (কার্ড নং ১৭৯) দুই মাসের ও রেবেকার (কার্ড নং ১৫৯) এক মাসের; পাংখারচর গ্রামের সুফিয়া (কার্ড নং ২৪৬) এবং চরসুচাইল গ্রামের মিতালীর (কার্ড নং ২৭৬) এক মাসের ভিজিডির খাদ্যশস্য ইতনা ইউপির চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান আত্মসাৎ করেছেন।ইতনা ইউপির সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, এসব দুস্থ ও অসহায় নারীর জন্য ভিজিডির গম জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩০ কেজি করে এবং মার্চ থেকে ২৩ কেজি করে চাল বরাদ্দ ছিল। এই ইউনিয়নের ভিজিডির তদারকি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ভিজিডি সরবরাহের দিন এসব নারী উপস্থিত ছিলেন না। এরপর চেয়ারম্যানের কাছে ধরনা দিয়েও তাঁরা ভিজিডির খাদ্যশস্য আদায় করতে পারেননি।ইউপি চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক ব্যস্ত। সময়ের অভাবে তাদের এসব গম ও চালের ব্যবস্থা করে দিতে পারিনি।’