ভিজিডির চাল তিন মাস পর বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে তালিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হওয়ায় নির্ধারিত সময়ের তিন মাস পর গতকাল বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে ভিজিডির চাল। তবে বরাদ্দের তুলনায় ওজনে কিছুটা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় চলতি বছর ১ হাজার ৮২০ জনের জন্য দুস্থ গোষ্ঠীর উন্নয়ন-সহায়তা (ভিজিডি) কার্ড বরাদ্দ হয়। এর মধ্যে দেবগ্রাম ইউনিয়নে ৪০০ ভিজিডি কার্ড বরাদ্দ করা হয়। এ চাল জানুয়ারিতে বিতরণ করার কথা। অন্যান্য ইউনিয়ন ও পৌরসভার বরাদ্দ করা কার্ডধারীরা ওই সময়েই চাল উত্তোলন করেন। কিন্তু দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির মধ্যে তালিকা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় চাল দেওয়া হয়নি।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের চাহিদা অনুযায়ী ৫৬ জনের তালিকা তৈরি করেন। কিছুদিন পর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হলে বর্তমান কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম তালিকার ব্যাপারে আপত্তি তুলে নতুন তালিকা দেন। এসব জটিলতার কারণে উপজেলা প্রশাসন কার্ড বিতরণ স্থগিত করে। এ সমস্যার সমাধান হলে বৃহস্পতিবার প্রথম ধাপে দুই মাসের চাল বিতরণের সিদ্ধান্ত হয়। প্রথম কিস্তিতে ২০ হাজার ৫৬৮ কেজি চাল উত্তোলন করা হয়।
চাল বিতরণের সময় বরাদ্দের চেয়ে ওজনে কিছু কম দেওয়া হয় বলে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ অভিযোগ করেন। তাঁরা বলেন, জনপ্রতি দুই মাসে ৫১ কেজি ৪০০ গ্রাম চাল দেওয়ার কথা। কিন্তু ৪৮-৪৯ কেজি করে দেওয়া হচ্ছে।
চাল ওজনে কম দেওয়ার ব্যাপারে ইউপি চেয়ারম্যান আতর আলী বলেন, চাল আনা-নেওয়া ও বস্তা বাবদ খরচ ছাড়াও স্থানীয় অনেক দরিদ্র মানুষ আসেন যাঁদের কিছু দিতে হয়। এ ছাড়া শ্রমিকের বিল রয়েছে। সব খরচ বাদে ৫০ কেজি করে দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, পরের ধাপে বাকি চাল একসঙ্গে দেওয়া হবে। এ ছাড়া ওজনে কম দিলে তার দায়দায়িত্ব চেয়ারম্যানকে নিতে হবে।