ভিজিডির চাল পাচ্ছে না দুস্থরা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ তিন মাস ধরে বন্ধ রয়েছে। এতে সুবিধাভোগী ২১৩টি দুস্থ পরিবার অসুবিধায় পড়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পপি মোদক বলেন, ‘কী কারণে ভিজিডি চাল বিতরণ করা হচ্ছে না, তা খোঁজ নিয়ে দেখব। তবে আমরা জানুয়ারি মাসেই সব ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিডির কার্ড পাঠিয়ে দিয়েছি।’ খোঁজ নিয়ে জানা গেছে, চলতি কিস্তিতে দুই বছর মেয়াদি ভিজিডির চাল দেওয়া হবে। এ জন্য ইউনিয়ন পরিষদ গত ২৫ ডিসেম্বরের আগে নতুন করে কার্ড পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেছে। ইউনিয়ন পরিষদের এই তালিকা অনুযায়ী মহিলাবিষয়ক অধিদপ্তর জানুয়ারি মাসে এসব ব্যক্তির নামে কার্ড সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সরবরাহ করে। কিন্তু কার্ড না আসার অজুহাতে পাইলগাঁও ইউনিয়নে তিন মাস ধরে দুস্থদের এ চাল বিতরণ করা হচ্ছে না। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে জানা গেছে, ২০১৩ ও ২০১৪, এ দুই বছর মেয়াদের জন্য ভিজিডি কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে এক হাজার ৫২৩টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। জানুয়ারি মাসেই ইউনিয়ন পরিষদের পাঠানো তালিকা অনুযায়ী কার্ড সরবরাহ করা হয়। পাইলগাঁও ইউপির সদস্য শামীম আহমদ বলেন, ‘ভিজিডির তালিকাভুক্ত সুবিধাভোগীরা আমাদের কাছে বারবার ধরনা দিচ্ছেন। তিন মাস ধরে তাদের শুধু আশ্বাস দিচ্ছি। চৈত্র মাসের অভাবের দিনে ওই সুবিধা না পাওয়ায় উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করছেন।’ পাইলগাঁও ইউপির চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে পাঠানো কার্ডের তালিকা যাছাই-বাছাই করে তৈরি করতে কিছুটা বিলম্ব হয়েছে। তাই দুস্থদের মধ্যে চাল বিতরণ সম্ভব হয়নি। ইউএনও আবদুল ওয়াদুদ জানান, তিনি পাইলগাঁও ইউনিয়নে জরুরি ভিত্তিতে ভিজিডির চাল বিতরণ করতে বলেছেন।