ভিজিডির চাল বিক্রির চেষ্টা, বিশেষ ক্ষমতা আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভিজিডির ৩৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা সদরের চিরাং মোড় এলাকা থেকে পুলিশ এসব চাল উদ্ধার করে। এ সময় চাল বহনের অভিযোগে তিন ট্রলিচালককে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় কেন্দুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরুল আমীন বাদি হয়ে মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান ও চার ইউপি সদস্যসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ভিজিডি কর্মসূচির আওতায় মোজাফফরপুর ইউনিয়নের তালিকাভুক্ত ১৫৫ জন সুবিধাভোগীর মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান গত মঙ্গলবার উপজেলা সদরের সরকারি খাদ্যগুদাম থেকে চার হাজার ৬৫০ কেজি চাল উত্তোলন করেন। পরদিন ওই চাল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল হুদার তদারকিতে বিতরণের কথা ছিল। কিন্তু তা না করে জনপ্রতিনিধিরা কর্মকর্তার অনুপস্থিতিতে দরিদ্র লোকদের মধ্যে নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে কম চাল বিতরণ করেন। পরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে তিনটি ট্রলিতে করে অবশিষ্ট দুই হাজার ৭৫০ কেজি চাল নিয়ে যাওয়ার সময় কেন্দুয়া-চিরাং সড়কের চিরাং মোড় এলাকা থেকে পুলিশ চালের বস্তাগুলো জব্দ করে। জব্দ করা চালের দাম প্রায় এক লাখ টাকা। ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ভুঁইয়া বলেন, ‘এটা রাজনৈতিক প্রতিপক্ষের কাজ। ইউপি নির্বাচনকে সামনে রেখে আমাকে হয়রানি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।’ চাল বিতরণে তদারকির দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল হুদা বলেন, ‘অসুস্থ থাকায় চাল বিতরণের সময় এলাকায় যেতে পারিনি।’ কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত তিন ট্রলিচালককে জেলহাজতে পাঠিয়েছেন।