ভিজিডির চাল বিতরণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে তালিকা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় অতি দরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া (ভিজিডি) চাল গত তিন মাসেও বিতরণ করা যায়নি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরোধের কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জন্য চলতি বছর ১ হাজার ৮২০ জন অতি দরিদ্রের জন্য ভিজিডি কার্ড (দুই বছরের জন্য) বরাদ্দ আসে। অন্যান্য ইউনিয়ন ও পৌরসভার কার্ডধারীরা জনপ্রতি ৩০ কেজি করে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের চাল উত্তোলন করেছেন। এমনকি দু-একটি ইউনিয়নে চলতি মাসেরও চাল উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ দেবগ্রাম ইউনিয়নের ৪০০ ভিজিডি কার্ডের চাল এখন পর্যন্ত বিতরণই শুরু হয়নি।
দেবগ্রাম ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ক্ষমতাসীন দলের ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালিকা তৈরির সময় দলের চাহিদা অনুযায়ী ২০ শতাংশ হারে ৫৬ জনের একটি তালিকা তৈরি করে দেন। কিছুদিন পর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল হলে বর্তমান কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম তালিকা নিয়ে আপত্তি করেন। পরে তিনি ৫৬ জনের পরিবর্তে ৭৬ জনের একটি তালিকা দেন। কিন্তু আগের তালিকা অনুযায়ী কার্ড তৈরি করায় বর্তমান তালিকায় সেগুলো সংযুক্ত করা সম্ভব হয়নি। এ কারণে উপজেলা প্রশাসন কার্ড বিতরণ স্থগিত করে দেয়।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, ‘তালিকা তৈরি নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের জটিলতা দেখা দেওয়ায় বিতরণে বিলম্ব হচ্ছে। আশা করি, এ সপ্তাহের মধ্যেই জটিলতা দূর হলে একসঙ্গে তিন মাসের চাল বিতরণ করা সম্ভব হবে।’