বগুড়ার শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপজেলার খামারকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মতিন দুস্থ ১৫৮ জন নারীর মধ্যে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে এই চাল বিতরণ করেন।
আবদুল মতিন বর্তমানে খামারকান্দি ইউপির চেয়ারম্যান। তিনি এবার নির্বাচনে একই পদে স্বতন্ত্র হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়ভাবে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত।
খামারকান্দি ইউপির আওয়ামী লীগের প্রার্থী আবদুল মমিন বলেন, ওই চাল বিতরণ নিয়ে এভাবে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। তবুও চাল বিতরণ চলেছে বিকেল পর্যন্ত। বিএনপির প্রার্থী ফজলুল হক সরকার বলেন, ভিজিডির চাল বিতরণে সরকারি এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আবদুল মতিন নির্বাচনে প্রভাব ফেলেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ওই চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে আবদুল মতিন বলেন, এই চাল বিতরণ করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে তা তিনি জানতেন না।
ওই ইউপির রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান বলেন, এ ব্যাপারে তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। ঘটনাটি নিয়ে তাঁর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। তিনি আরও বলেন, ওই চেয়ারম্যান পদপ্রার্থী নিজেই গতকাল মঙ্গলবার এই চাল বিতরণ করেছেন তা তিনি নিশ্চিত হয়েছেন।