ভিজিডির চাল মাপে কম দেওয়ায় লোহাগড়ায় বিক্ষোভ
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) দুস্থদের মধ্যে গতকাল বৃহস্পতিবার ভিজিডির চাল বিতরণের সময় মাপে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন ভিজিডি গ্রাহক ও এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের মুখে ইউপি চেয়ারম্যান তাঁর কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। উপস্থিত তিন ইউপি সদস্য সেলিম শেখ, হামিমুর রহমান ও ফিরোজ আলম পালিয়ে যান। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ লোকজনের হাতে লাঞ্ছিত হন। মৌসুমী রানী মজুমদার নিজে আহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনের তোপের মুখে পড়েছি।’ তিনি জানান, ২৪ কেজি করে ভিজিডির চাল দেওয়ার কথা ছিল। কিন্তু ১৪-১৭ কেজি করে দেওয়ায় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষোভের আগ পর্যন্ত ২৮৭ জনের মধ্যে ১০৫ জনকে চাল দেওয়া হয়েছে। পরে চাল বিতরণ করা হয়নি।ভিজিডি গ্রাহক তালবাড়িয়া গ্রামের মরিয়ম বেগম বলেন, ‘২৪ কেজির স্থলে ১৫ কেজি চাল পেয়েছি।’ ইউপি চেয়ারম্যান খান ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আগের দিন যানবহন দুর্ঘটনায় আহত হয়েছি। এ অবস্থায় বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে লোকজনের তোপের মুখে পড়েছি। তবে চাল কম দেওয়া হয়নি। সব চাল মাপলে তা বোঝা যাবে। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতে এসব করেছে।’