ভিজিডির চাল ২৬ কেজি, দুস্থরা পেল ১৫ কেজি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নে দুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দ করা ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে৷ প্রতি মাসে পরিবারপ্রতি ২৬ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে তার প্রায় অর্ধেক৷
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ১৬৮টি দুস্থ পরিবারকে ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণ করার কথা৷ সে অনুযায়ী গত বৃহস্পতিবার এপ্রিল মাসের বরাদ্দ চাল বিতরণ করা হয়৷ কিন্তু কাউকেই ২৬ কেজি চাল দেওয়া হয়নি৷ ১৩ থেকে ১৬ কেজি চাল দেওয়া হয়েছে৷ এদিকে বরাদ্দের অর্ধেক চাল দেওয়া হলেও পুরো চাল দেওয়া হয়েছে বলে মাস্টাররোলে দুস্থ ব্যক্তিদের সই নেওয়া হয়েছে৷
ওই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নাইচ বেগম বলেন, ‘আমাদের কখনোই ২৬ কেজি করে চাল দেওয়া হয়নি৷ বরাদ্দের অর্ধেক চাল দিয়ে বিদায় করা হয়৷ আমরা গরিব মানুষ। তাই প্রতিবাদ করতে পারি না। এবার আমাকে ১৫ কেজি চাল দেওয়া হয়েছে৷’
উত্তর কৃষ্ঠপুর গ্রামের আবেদা বেগম বলেন, ‘মেম্বাররা কখনোই আমরা কত চাল পাব তা জানান না৷ এবার আমাকে ১৫ কেজি চাল দিয়ে সই নিয়েছে৷’
একই গ্রামের রেজিয়া বেগম বলেন, ‘আমি পেয়েছি ১৬ কেজি চাল৷ আমার নামে যে ২৬ কেজি চাল বরাদ্দ রয়েছে, তা আমি বলতেই পারি না৷’
অভিযোগ রয়েছে, প্রতিবার চাল বিতরণের সময় চেয়ারম্যান ও সচিব সেখানে উপস্থিত থাকেন না৷ এর বদলে চেয়ারম্যানের এক ভাগনে চাল বিতরণের দায়িত্বে থাকেন৷
ময়দানহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম বলেন, ‘আমি ওই দিন পরিষদে যাইনি৷ চাল এত কম পাওয়ার কথা নয়৷ তার পরও কম চাল দিয়ে থাকলে এর প্রতিকার করা হবে।’
চাল বিতরণের কার্যক্রম তদারকির কাজে নিয়োজিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম বলেন, ‘আমার যেতে সামান্য দেরি হওয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে৷ তবে এরপর যাতে এমন ঘটনা আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে৷’