ভিজিডির চাল ৬০ কেজি দুস্থরা পেল ৫৪ কেজি!
বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চাল বিতরণে দায়িত্ব পাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাল আত্মসাতের উদ্দেশ্যে এ কাজ করেছেন বলে দুস্থরা অভিযোগ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ২৭০টি দুস্থ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের জন্য তালিকা করা হয়। সে অনুযায়ী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য সোয়া ১৬ মেট্রিক টন (১৬ হাজার ২০০ কেজি) চাল বরাদ্দ করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান পাথরঘাটা খাদ্যগুদাম থেকে ওই চাল তুলে নেন । ভিজিডি কার্ডধারী কয়েকটি পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ১৯ ফেব্রুয়ারি থেকে এই চাল বিতরণ করার কার্যক্রম শুরু হয়। গত মঙ্গলবার পর্যন্ত ২৫০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। বাকি ২০টি পরিবারকে চাল না দিয়ে ঘোরানো হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক ভিজিডির চাল পাওয়া কয়েকটি পরিবারের সদস্যরা অভিযোগ করেন, নিয়মানুযায়ী পরিবারপ্রতি দুই মাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তাঁরা ৫৪ কেজি করে চাল পেয়েছেন। ছয় কেজি করে চাল কম দেওয়া হলেও ৬০ কেজি চাল দেওয়া হয়েছে বলে মাস্টাররোলে তাঁদের সই নেওয়া হয়েছে। ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ‘ভিজিডির চাল বিতরণে অনেক দিন ধরেই অনিয়ম চলছে। আমরা সাতজন ইউপি সদস্য এ নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পর তিনি ইউএনওকে তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন।’ ইউপি সদস্য মো. শাহজাহান জানান, গত মঙ্গলবার দুপুরে ইউএনও মো. সোহরাব হোসেন কাঁঠালতলী ইউপি কার্যালয়ে যান। এ সময় তিনি সেখানে মজুদ থাকা ২০ জন ভিজিডি সুবিধাভোগীর জন্য রাখা চাল ওজন করান এবং ২০ জনের জন্য বরাদ্দ করা চালের বাইরে ৫০০ কেজি চাল বেশি পান। তিনি ওই ৫০০ কেজি চাল জব্দ না করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে গচ্ছিত রেখে আসেন।চাল বিতরণের কার্যক্রম তদারকির কাজে নিয়োজিত পাথরঘাটা উপজেলা মত্স্য কর্মকর্তা দেবব্রত কবিরাজ বলেন, ‘আমি বিতরণকাজ শুরু করে দিয়ে জরুরি কাজে পাথরঘাটায় চলে এসেছি। অনিয়ম হয়ে থাকলে আমি চলে আসার পর হয়েছে।’ ইউএনও মো. সোহরাব হোসেন বলেন, ‘চেয়ারম্যান স্বীকার করেছেন, তাঁরা প্রত্যেককে ৬০ কেজির স্থলে ৫৪ কেজি করে চাল দিয়েছেন। উদ্বৃত্ত ৫০০ কেজি চাল পরিবহন ও শ্রমিকদের মজুরি বাবদ রাখা হয়েছে বলে চেয়ারম্যান আমাকে জানিয়েছেন।’ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ভিজিডির চাল পরিবহন ও বিতরণের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই।এ ছাড়া সোয়া ১৬ মেট্রিক টন চালে প্রায় এক মেট্রিক টন ওজনে কম দেওয়া হয়েছে। এসব ঘাটতি পূরণের জন্য আমাদের ৬০ কেজির স্থলে ৫৪ কেজি করে চাল দিতে হয়েছে। বাকি ২০ জনের চাল পরে বিতরণ করা হবে। পাথরথাটা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, সঠিকভাবে ওজন করে কাঁঠালতলী ইউপি চেয়ারম্যানকে ভিজিডির চাল দেওয়া হয়েছে। চাল কম দেওয়ার অভিযোগ সত্য নয়।