ভিজিডির চালের ভাত খেয়ে ডায়রিয়া একজনের মৃত্যু
ভিজিডির নিম্নমানের চাল খেয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামে গত এক সপ্তাহে ১০৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পান্ডুল ইউনিয়নের চাকলিরপাড় গ্রামের মোস্তফার মেয়ে রোকসানা বেগমের (৬) মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫ জনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ১৫ জন।জানা যায়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তর থেকে উপজেলার ১৩টি ইউনিয়নের দুই হাজার ৭৯৪ অতি দরিদ্রের জন্য জনপ্রতি ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় গত মাসে। খাবার অযোগ্য এই চাল তুলতে ইউপি চেয়ারম্যানরা আপত্তি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলমের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। পরে উলিপুর খাদ্যগুদাম কর্তৃপক্ষের অনুরোধে চেয়ারম্যানরা চাল তুলে বিতরণ করেন। উলিপুর হাসপাতালে চিকিৎসাধীন হাতিয়া ইউনিয়নের রামরামপুর গ্রামের মিঠুর (৬) মা ছালেহা বেগম জানান, ভিজিডিতে পাওয়া চালের ভাত খেয়ে তাঁর ছেলের ডায়রিয়া হয়েছে। পান্ডুল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আখতারুল করিম জানান, রোকসানার পরিবারে ১০ কেজি চাল দেওয়া হয়েছে। তবে ওই চালের ভাত খেয়ে রোকসানার মৃত্যু হয়েছে কি না, তা তার জানা নেই। পান্ডুল ইউনিয়নের দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম ডায়রিয়ায় রোকসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) অজয় কুমার জানান, আশ্বিন-কার্তিক মাসে এই উপজেলায় প্রতিবছর ডায়রিয়া দেখা দেয়। বর্তমানে ডায়রিয়া দেখা দিলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডায়রিয়ায় মৃত্যুর বিষযে কোনো কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।