ভিজিডির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে টাকার বিনিময়ে ভিজিডি কার্ডের তালিকায় নাম ওঠানো, ইউনিয়নের বাসিন্দা ও ভোটার নন এমন ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম ও সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগমকে অভিযুক্ত করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১২ এপ্রিল অভিযোগ করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগে তাঁরা উল্লেখ করেন, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিজিডির তালিকার ৪৫ থেকে ৪৮ নম্বর ক্রমিকে রেখা, আনোয়ারা, জাকিয়া, সেলিনার নাম রয়েছে। অথচ তাঁরা ওই ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার নন। অন্যদিকে ইউপির ওই সদস্য দুজনকে চাহিদামতো টাকা দিতে না পারায় হতদরিদ্র রফিক মৃধার পরিবারের নাম তালিকায় রাখা হয়নি। এ ব্যাপারে ধুলাসার ইউনিয়ন পরিষদের সচিব নেয়ামুল বশির বলেন, ‘ভিজিডির তালিকা তৈরির পর উপজেলা প্রশাসন এ তালিকা সংশোধন করেছে। এতে আমাদের কোনো হাত নেই।’ সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম বলেন, ‘স্থানীয় মেম্বার আবুল কালাম এই তালিকা করেছেন। কাগো নাম হে তালিকায় অন্তর্ভুক্ত করেছে হেইয়া আমি জানি না।’ ইউপি সদস্য আবুল কালামের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যাঁদের নাম নিয়ে অভিযোগ আছে, তাঁদের বাদ দিয়ে নতুন নাম তালিকাভুক্ত করা হয়েছে।’