লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বের কারণে ইউনিয়নে ২০৬ জন দুস্থ নারী ভিজিডির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার দুস্থ নারীদের সহায়তার অংশ হিসেবে জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের বিনা মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত নেয়। এই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন ছাড়া উপজেলার ১১টি ইউনিয়নেই ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণ ইতিমধ্যেই করা হয়েছে। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর পক্ষ থেকে দুস্থ নারীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার পর তাঁরা ওই বরাদ্দ পেয়ে থাকেন।কিন্তু ভেলাগুড়ি ইউপির চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে তালিকা প্রস্তুত করা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণে ওই ইউনিয়নের জন্য নির্ধারিত কোটা অনুযায়ী ভিজিডি কার্ডধারী ২০৬ জন দুস্থ নারীর তালিকা তৈরি করা সম্ভব হয়নি। এতে করে ওই নারীরা বিনা মূলে ভিজিডির চাল পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।এ ব্যাপারে ভেলাগুড়ি ইউপির চেয়ারম্যান মো. আবদুস ছাত্তার বলেন, ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের তালিকা চূড়ান্ত করা হলেও ইউপি সদস্যরা তা মানছেন না। এ কারণে ওই নামের তালিকাটি সঠিক সময়ে হাতীবান্ধা উপজেলা পরিষদে জমা দেওয়া সম্ভব হয়নি।ভেলাগুড়ি ইউপির সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য ও পুরুষ সদস্যরা একটি চূড়ান্ত তালিকাসহ লিখিত রেজুলেশন ইউপি চেয়ারম্যানের কাছে জমা দেন। ইউপি চেয়ারম্যান এই তালিকা না মানায় তা উপজেলা পরিষদে জমা দেওয়া হয়নি। এ কারণেই ইউনিয়নের দুস্থ নারীরা ভিজিডির চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারওয়ার হোসেন জানান, নামের তালিকা না পাওয়ায় ওই ইউনিয়নে ভিজিডির চাল উত্তোলনের আনুষ্ঠানিক চিঠি (ডিও) দেওয়া সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব থাকায় তাঁরা সর্বসমঞ্চতভাবে ভিজিডি কার্ডধারীদের নামের তালিকা চূড়ান্ত করতে পারেনি বলে জানান তিনি। এ অবস্থায় ওই ইউনিয়নে ভিজিডির কার্যক্রম স্থগিত করা হয়েছে।