ভিজিডির ৩১ টন চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের জন্য বরাদ্দ করা ভিজিডির ৩১ টন চাল পটুয়াখালীর বাউফলে পাচারের সময় স্থানীয় জনতা জব্দ করেছে। পরে পুলিশ এসে চাল তাদের হেফাজতে নিয়ে যায়। শনিবার উপজেলার গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এই চাল পাচারের ঘটনায় উপজেলা চেয়ারম্যান, চর উমেদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ইউসুফ ও মহিলা সদস্য রাবেয়া বেগম জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ভোলা-৩ আসনের সাংসদ মেজর (অব.) জসিম উদ্দিন আহম্মেদ ও চর উমেদ ইউপির নয়জন এই অভিযোগ করেছেন। পশ্চিম চর উমেদ ইউপির নয়জন সদস্য অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ও মহিলা সদস্য রাবেয়া বেগম শনিবার লালমোহন গুদাম থেকে ৩১ টন চাল উত্তোলন করে চারটি ট্রাকে উঠান। ট্রাকগুলো ইউনিয়ন পরিষদের গুদামে না গিয়ে গজারিয়া বাজারের পশ্চিম দিকে যাচ্ছিল। নদীপথে বাউফল পাচারের জন্য চালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকাবাসী খবর পেয়ে চালকসহ ট্রাকগুলো আটক করে পুলিশে খবর দেয়। পরে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে এসে চালগুলো তাদের হেফাজতে নিয়ে যায়।ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ মেজর (অব.) জসিম উদ্দিন আহম্মেদ বলেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ও মহিলা সদস্য রাবেয়া বেগম চালগুলো বাউফলে পাচার করতে চেয়েছিলেন।ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ ইউপি সদস্য রাবেয়া বেগম বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে শনিবার চাল তুলে গজারিয়া সিনিয়র মাদ্রাসার গুদামে নিচ্ছিলাম। কারণ ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করতে গেলে এমপির কর্মীরা জোর করে চাল ছিনতাই করে নিয়ে যান। আর এতে সহায়তা করেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। সাংসদ মেজর (অব.) জসিম উদ্দিন বলেন, ‘চাল ছিনতাইয়ের সঙ্গে আমার কর্মীরা জড়িত থাকলে আমার কাছে অভিযোগ করা উচিত ছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নিতাম।’উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম বলেন, ‘ইউপির গুদাম নিরাপদ না ভেবে আমি গজারিয়া সিনিয়র মাদ্রাসার গুদামে চাল রাখার অনুমতি দিয়েছি। এ চাল পাচার হচ্ছিল না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবর আলী বলেন, ‘ইউপির গুদামে চাল রাখা যে নিরাপদ নয়, সে বিষয়টি আমাকে জানানো উচিত ছিল। তাহলে আমি পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিতাম।’