ভিজিডির ৫০ কেজি চালের বস্তায় ১০ কেজি কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর সরকারি খাদ্যগুদাম থেকে ভিজিডির চাল বিতরণের জন্য উত্তোলন করা বস্তায় চাল কম পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুস্থ লোকজনের মধ্যে চাল বিতরণ করতে গিয়ে ওজনে কারচুপির ঘটনাটি ধরা পড়ে।চাল ওজনে কম থাকায় ওই ইউনিয়নে দুপুর পর্যন্ত ভিজিডির চাল বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কম হওয়া চাল পূরণের আশ্বাস দিলে সচিব দুপুর থেকে চাল বিতরণ শুরু করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউপিতে ভিজিডির সুবিধাভোগী রয়েছে ৩০৫ জন। গতকাল বুধবার সকাল থেকে তাদের মধ্যে চাল বিতরণের কথা ছিল। ওই দিন সকাল থেকে সুবিধাভোগী নারীরা ইউপি কার্যালয়ে আসতে থাকেন। ইউপি সচিব উপজেলা সদর খাদ্যগুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৪৫ বস্তা চাল উত্তোলন করে পরিষদে আনেন। সেগুলো বিতরণের আগে চৌকিদার হবিবর রহমানকে দিয়ে ওজন করানো হয়। সেলাই করা বস্তায় ৫০ কেজি চাল পাওয়া যায়নি।ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি সচিব বুধবার সকালে উপজেলা সদর খাদ্যগুদাম থেকে সাত টন ২২৮ কেজি ভিজিডির চাল উত্তোলন করেন। গুদামের শ্রমিকেরা তাঁকে একটি বস্তা ওজন করে দেখান। ৫০ কেজি চালের বস্তায় ৪৯ কেজি চাল ছিল। ইউপি কার্যালয়ে আনার পর সেলাই করা একটি বস্তা খুলে ওজন করলে ৪০ কেজি চাল পাওয়া যায়। এরপর আরও চারটি বস্তায় ওজন কম পাওয়া যায়। চাল বিতরণ বন্ধ রেখে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা খাদ্য কর্মকর্তা এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। উপজেলা খাদ্য কর্মকর্তা কম হওয়া চাল পূরণের আশ্বাস দিলে দুপুর থেকে চাল বিতরণ শুরু করা হয়।আক্কেলপুর খাদ্যগুদামের কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়নে সরবরাহ করা চালগুলো খুলনার ৭ নম্বর ঘাট থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় খাদ্যগুদামে পৌঁছে। পরদিন সকালে চালগুলো সরবরাহ করেছি। সচিবকে গুদামে চালের বস্তা ওজন করে দেখানো হয়েছে।’ইউএনও এস এ এম রফিকুন্নবী জানান, গোপীনাথপুর ইউনিয়নে ভিজিডির চাল ওজনে কম থাকার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।