ভিজিডির ৫০বস্তা গমসহ আটক ১
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার ভিজিডির ৫০ বস্তা গমসহ একজনকে আটক করেছে। তাঁর নাম আলম মিয়া (৪০)।কয়েকজন এলাকাবাসী জানান, গত বুধবার ওই ইউনিয়নের ১৬০ জন দুস্থ কার্ডধারীকে ৬০ কেজি করে গম দেওয়া হয়। ব্যবসায়ী আলম বিক্রির জন্য ভিজিডির গমগুলো সংগ্রহ করে একটি গুদামে মজুদ করেন। কেউ বলছেন পরিষদ থেকে তাঁর কাছে এ গম গোপনে বিক্রি করা হয়। আবার কেউ বলছেন কার্ডধারীদের কাছ থেকে তিনি এ গমগুলো কিনে নেন। গতকাল বৃহস্পতিবার গমগুলো সরানোর কথা ছিল। কিন্তু রাতেই বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকার মানুষ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে রাতেই ওই গমগুলো জব্দ করে এবং সকালে আলমকে আটক করে থানায় নিয়ে আসে। ইউনিয়ন পরিষদের সদস্য মাহতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আলম গমগুলো কার্ডধারীদের কাছ থেকে সংগ্রহ করে রেখেছিলেন। এর সঙ্গে পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।