জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় গত দুই মাসের জন্য বরাদ্দ ৫২ দশমিক ৮৬ মেট্রিক টন গম ফেরত গেছে। গম বিতরণের জন্য করা সুবিধাভোগীদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ এনে দুটি ইউনিয়নের চেয়ারম্যানরা হাইকোর্টে মামলা করায় এবং একই অভিযোগে আরেক ইউপি চেয়ারম্যান গম না তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে তালিকা তৈরিতে আলাদা আলাদা কমিটি করা হয়। কমিটিগুলো তালিকা তৈরি করে ওই কার্যালয়ে জমা দেয়। কিন্তু তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে ক্ষেতলাল সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করলে ২২ ফেব্রুয়ারি ওই ইউনিয়নে ভিজিডি কার্যক্রমের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করেন।একই অভিযোগে আলমপুর ইউপি সদস্য সহিদুল ইসলাম ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করলে ২৪ ফেব্রুয়ারি আদালত রুল নিশি জারি করেন। আর মামুদপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ চূড়ান্ত তালিকা প্রত্যাখ্যান করে ভিজিডির গম তোলা বন্ধ রাখেন। নির্দিষ্ট সময়ের মধ্যে না তোলায় ওই তিন ইউনিয়নের প্রায় ৫৩ মেট্রিক টন গম ২৮ ফেব্রুয়ারি ফেরত গেছে।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লাইলা নাসরিন জাহান বলেন, ‘আমরা উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে যাছাই-বাছাই কমিটি করেছি। তাঁরা সুষ্ঠুভাবে তালিকা চুড়ান্ত করলেও চেয়ারম্যান-মেম্বারদের দলীয় কিছু লোক বাদ পড়ায় তাঁরা হাইকোর্টে রিট করেছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন মিঞা বলেন, চেয়ারম্যান ও সদস্যরা আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করতে পারতেন। কিন্তু মামলা করায় সুবিধাভোগীরা বিপদে পড়েছেন।