ভিজে নষ্ট হওয়ার উপক্রম কয়েক হাজার মণ আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুর বাম্পার ফলন হওয়ায় মুন্সিগঞ্জের কৃষকেরা এবার বেজায় খুশি হয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন বেশি দামে আলু বেচার। তাই হিমাগারে জায়গা না পেয়ে তাঁরা হাজার হাজার মণ আলু স্তূপ করে রাখেন জমিতে জমিতে। কিন্তু এখন তাঁদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পানি। গত এক সপ্তাহে নদী থেকে খেতে পানি উঠে ভিজে গেছে প্রায় সব আলু। এ পরিস্থিতিতে খেত থেকে আলু সরিয়ে নিতে কৃষককে বেগ পেতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকে অত্যন্ত কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন।গতকাল রোববার মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার, আধারা, মোল্লাকান্দি ও মহাকালী ইউনিয়ন এবং টঙ্গিবাড়ি ঘুরে ভিজে যাওয়া আলু সরিয়ে নেওয়ার দৃশ্য চোখে পড়ে। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের আলুচাষি খোকা হাওলাদার জানান, তাঁর দুই বিঘা জমিতে এবার ২০০ মণ আলু হয়েছে। হিমাগারে জায়গা না পেয়ে তিনি এই আলু রেখেছিলেন জমিতে স্তূপ করে। জমিতে প্রায় তিন মাস আলু রাখা যায়। কিন্তু হঠাৎ পানি উঠে তাঁর সব আলু ভিজে গেছে। তিনি জানান, ১৫ জন লোক নিয়ে তিনি কিছু আলু উঠিয়ে সড়কের ওপরে রেখেছেন। বাকি দেড় শ মণ আলু ট্রাকে করে ঢাকায় পাঠিয়েছেন। কিন্তু সেখানে পাইকার পাওয়া যাচ্ছে না। আলু নিয়ে এবারের মতো সমস্যায় ৩০-৩৫ বছরে আর কখনো পড়েননি বলে মন্তব্য করেন তিনি। জানা যায়, নিচু জমিতে বিশেষ করে চরকেওয়ার, আধারা, মোল্লাকান্দি ও বাংলাবাজারের খেতে যাঁরা আলু রেখেছেন তাঁরা পড়েছেন বেশি সমস্যায়। তাঁদের হাজার হাজার মণ আলু ইতিমধ্যে পানিতে ভিজে গেছে।মহাকালী ইউনিয়নের সাতআনিখিল গ্রামের মনির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকার জমি একটু উঁচু। তবে বর্তমানের গতিতে আর দুই দিন পানি বাড়লে তাঁর ৪০০ মণ আলুও ভিজে যাবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলায় এবার ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে আলু উৎপাদিত হয়েছে ১১ লাখ ৭৩ হাজার ৪৪০ মেট্রিক টন। জেলার ৬৭টি হিমাগারে ধারণক্ষমতা সাড়ে চার লাখ মেট্রিক টন। আলু নিয়ে এখন কৃষকেরা সমস্যায়ই আছেন উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, মাঠে স্তূপ করে রাখা আলুর হিসাব তাঁদের কাছে নেই।