ভিজে নষ্ট হচ্ছে চাতালের ধান
টানা বর্ষণে নাটোরের গুরুদাসপুরে দেড় শতাধিক চাতালে কয়েক হাজার মণ ধান পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় তালিকাভুক্ত ১৭০টি চাতাল আছে। এর মধ্যে প্রায় ১২০টি চাতালে চাল উৎপাদনের লক্ষ্যে কয়েক হাজার মণ ধান ভিজিয়ে রাখা হয়। কিন্তু টানা বৃষ্টির কারণে রোদের অভাবে এসব ভেজা ধান হাউসে কিংবা চাতালে স্তূপ করে রাখা হয়। এখন ভেজা ধানগুলোর চারা গজিয়ে কিংবা ফেটে ও পচে নষ্ট হচ্ছে। চাতালমালিক নাজিম উদ্দিন সরদার জানান, তাঁর দুটি চাতালে এক হাজার মণ ধান রোদে শুকানোর অপেক্ষায় ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেগুলো ফেটে গেছে। এখন রোদে শুকানোর পর চাল করলেও সেগুলোর মান খারাপ হবে। ফলে প্রায় চার লাখ টাকা লোকসান হবে বলে তিনি আশঙ্কা করছেন। মো. গিয়াস উদ্দিন ও রজব আলী জানান, তাঁদের ১০টি চাতালের মধ্যে ছয়টিতে প্রায় দুই হাজার মণ ধান বৃষ্টির কবলে পড়েছে। দীর্ঘদিন রোদে শুকাতে না পারায় ধানগুলো ফুটে (পচে) দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন রোদে শুকানোর পর চাল তৈরি করলেও সেগুলো ভেঙে গুঁড়া হয়ে যাবে। এতে আর্থিক ক্ষতি হবে প্রায় ১৪ লাখ টাকা।ব্যবসায়ী ওমর আলী শেখ বলেন, বৃষ্টিতে তাঁর চাতালের দেড় হাজার মণ মিনিকেট জাতের ধান নষ্ট হয়েছে। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার বলেন, অতিবর্ষণে সমিতিভুক্ত প্রায় ১২০টি চাতালের ধান বৃষ্টিতে ভিজে পচে নষ্ট হওয়ার খবর পেয়েছি। তবে কোন মিলারের কত টাকার এবং কী পরিমাণ ধান নষ্ট হয়েছে তার সঠিক হিসাব এখনো পাইনি।