ভিটা উচ্ছেদ আতঙ্কে চা-শ্রমিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশপরম্পরায় চা-শ্রমিকেরা চা-বাগানে বসবাস করছেন। কিন্তু আইনের ক্ষমতা বলে বাগান কর্তৃপক্ষ চাইলেই যেকোনো সময় যেকোনো শ্রমিক পরিবারকে ভিটা থেকে উচ্ছেদ করতে পারে। ওই আইনের বলে বাগান কর্তৃপক্ষ গত বুধবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা-বাগানের এক শ্রমিক পরিবারকে ভিটা থেকে উচ্ছেদ করতে যায়। কিন্তু শ্রমিকদের দাবির মুখে ওই পরিবারকে উচ্ছেদ করতে পারেনি বাগান কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় চা-শ্রমিকদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে।
ওই দিন ওই পরিবারকে উচ্ছেদ করতে না পারলেও তাঁদের (শ্রমিক পরিবার) দখলে থাকা জমি দখলে নিয়েছে বাগান কর্তৃপক্ষ। এ সময় তারা (বাগান কর্তৃপক্ষ) শতাধিক ফলদ ও বনজ গাছ এবং কয়েক শ বাঁশ কেটে ফেলে। এ কারণে চা-শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশ শ্রম আইনের উচ্ছেদসংক্রান্ত ধারাটি সংশোধনীর দাবি জানানো হয়েছে।
একাধিক চা-শ্রমিক নেতা জানান, বাংলাদেশ শ্রম আইনের ৩২ নম্বর ধারা মতে, কোনো কারণে কোনো শ্রমিকের চাকরিচ্যুতি বা কোনো শ্রমিক অবসরে গেলে তাঁর নামে বরাদ্দ করা বাসা ৬০ দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। অন্যথায় মামলা করে উচ্ছেদের বিধান রয়েছে ধারাটিতে। এ ছাড়া শ্রম আইনের ২৬ নম্বর ধারায় কর্তৃপক্ষ যেকোনো শ্রমিককে কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করতে পারে। এ কারণে চা-শ্রমিকেরা আতঙ্কে রয়েছেন।
চা শ্রমিকেরা অভিযোগ করে জানান, প্রায়ই বিভিন্ন কারণে চা-শ্রমিকেরা চাকরিচ্যুত হচ্ছেন। ভিটা থেকে উচ্ছেদের হুমকিতে পড়ছেন।
বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাথিউড়া চা-বাগানের আলীজান মিয়া (৬০) বাগানের শ্রমিক থাকা অবস্থায় দেশের বাইরে চলে যান। আলীজান দেশের বাইরে থাকার সময় তাঁর পরিবার সেখানে পাকা দালান তৈরি এবং ভোগদখলি জমিতে বনজ ও ফলদ গাছপালা লাগান। কিন্তু তাঁর পরিবারে নিয়মিত শ্রমিক না থাকায় বছর খানেক আগে মালিকপক্ষ জায়গা ছেড়ে দেওয়ার কথা বলে। তিনি রাজি না হলে বাগান কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে জমি উদ্ধারের আবেদন করে। পরে জেলা প্রশাসন তাঁকে পাকা ও আধা পাকা ঘর অপসারণের নির্দেশ দেয়। কিন্তু তিনি তা অপসারণ না করায় গত মঙ্গলবার পুলিশ আলীজানকে ঘর থেকে মালামাল সরিয়ে ফেলতে বলে। এতে বাগানের শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চা-বাগান পঞ্চায়েত ও চা-শ্রমিক নেতারা বাগান কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবার করে একটা আপসরফা হয়। তবে দালান ভিটাসহ ৪৫ শতক জায়গা রেখে বাকি ৭৫ শতক জমি গত বুধবার দখলে নিয়েছে কর্তৃপক্ষ। এ সময় শতাধিক একাশিয়া, মেনজিয়াম, কাঁঠালগাছ এবং কয়েক শ বাঁশ কেটে স্থানটি পরিষ্কার করে কর্তৃপক্ষ।
আলীজানের মেয়ের জামাই আবাদ আলী জানান, ‘শুধু ঘরটা আছে। গাছ-বিরিক্ষি তামাম (শেষ) করি ফালাইছে। দুই-তিন শ গাছ কাটছে। কম করিও তিন-চার লাখ টাকার মাল।’
মাথিউড়া চা-বাগান পঞ্চায়েতের সাবেক সভাপতি বাবুলাল গৌড় প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে এ রকম উচ্ছেদের উদ্যোগ নিলে সমস্যা হবে। শ্রমিকেরা কোনো কিছু মানত না।’
মাথিউড়া চা-বাগানের ব্যবস্থাপক জাফর ইকবাল জানান, এরা বাগানের শ্রমিক না। বাড়িঘর রেখে বাকিটা ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু ছাড়েনি। পরে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসন উচ্ছেদের নির্দেশ দেয়।
কেন্দ্রীয় চা-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী প্রথম আলোকে বলেন, ‘এভাবে হাতে-পায়ে ধরে কত দিন ভিটাবাড়ি রক্ষা করব। অর্ধেক নিয়ে গেছে। যেটা আছে সেটাও তো নিয়মমতো বেআইনি। প্রক্রিয়া অনুযায়ী যেকোনো সময় বাকিটা নিতে পারবে। শ্রমিকদের চা-বাগানের বাইরে মাথা গোঁজার ঠাঁই নেই। এখান থেকে উচ্ছেদ করলে যাব কোথায়! কাজেই উচ্ছেদ আইন সংশোধন করে ভিটা সুরক্ষিত করতে হবে। যাতে কেউ চাইলেই উচ্ছেদ করতে না পারে। এতে শ্রমিকেরা ভূমির মালিকানা পাবেন না ঠিক। কিন্তু ভিটা থেকে উচ্ছেদের আতঙ্ক কমবে।’