ভিটাছাড়া করতে আগুন মারধরের অভিযোগ
দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের একটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করতে তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে শংকরপুরের জালালপুর বিদ্যাপাড়ার রবীন্দ্র চন্দ্র ভুটিয়া (৫৫) বলেন, আট শতক জমিতে শত বছরের বেশি সময় ধরে তাঁরা বংশপরম্পরায় বাস করছেন। বর্তমানে সেখানে তিনি, তাঁর ভাই রাম চন্দ্র, নরেন চন্দ্র ও কিশোরী চন্দ্র বর্মণ পরিবার নিয়ে থাকেন। কিন্তু প্রায় এক বছর ধরে গ্রামের মো. আবদুল মান্নান ও তাঁর ভাই আরমান আলী এবং পাঁচকুড় গ্রামের মো. কলিম উদ্দিন তাঁদের বসতভিটা নিজেদের বলে দাবি করে আসছেন। তাঁরা বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে বলছেন, নয়তো পরিণাম খারাপ হবে বলে হুমকি দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার সকাল ১০টার দিকে মান্নান, আরমান ও কলিম লোকজন নিয়ে রবীন্দ্র চন্দ্রের বাড়িতে হামলা চালান। তাঁরা রবীন্দ্রের ছেলে প্রফুল্ল ও স্ত্রী ভারতী বালাকে বেদম মারধর করেন। একপর্যায়ে বাড়িতে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গ্রামের অন্য লোকজন এসে আগুন নেভান।
রবীন্দ্র বলেন, ‘মান্নান, আরমান ও কলিম আমাদের পিটিয়ে ভারতে বিতাড়িত করার হুমকি দিয়েছেন। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো পদক্ষেপ নেননি। বাধ্য হয়ে পরিবারের সবাইকে নিয়ে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছি এবং কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।’
হামলার ব্যাপারে আবদুল মান্নান, আরমান আলী ও কলিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করবে। সত্যতা পেলে মামলা রেকর্ড করা হবে।