ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল শুক্রবার ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০১৫’ (দ্বিতীয় দফা) উদ্বোধন করেছেন। বঙ্গভবনে বেশ কয়েকটি শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি এই জীবন রক্ষাকারী ক্যাপসুল খাওয়াতে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নিকটবর্তী টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাবা-মায়ের প্রতি আহ্বান জানান। আজ শনিবার দিনব্যাপী জাতীয় ক্যাম্পেইন চলাকালে ২ কোটি ১৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ এবং সরকার তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই টিকাদান কর্মসূচি সফল করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্যসচিব মঞ্জুরুল ইসলাম বক্তৃতা করেন।