দেশের শিশুদের খাওয়ানো ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান ঠিক ছিল। ভিটামিন ‘এ’ নিয়ে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। কমিটি ১১ এপ্রিল স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে।তদন্ত কমিটি বলছে, ১২ মার্চ কানাডার ব্যানার, ভারতের ওলিভ ও বাংলাদেশের গ্লোব নামের তিনটি প্রতিষ্ঠানের তৈরি ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর অধীন একাধিক প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের ফারাক (ইনফরমেশন গ্যাপ) ছিল বলে ক্যাপসুলের উৎস সম্পর্কে মানুষ ভুল তথ্য পায়।১২ মার্চ সারা দেশের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের সঙ্গে একটি কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। ওই দিন দেশের বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে পড়ে, ক্যাপসুল খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। মৃত্যুর খবরও ছড়ায়। আতঙ্কগ্রস্ত হয়ে মা-বাবারা শিশু কোলে নিয়ে হাসপাতালে ভিড় জমান। কিছু শিশুকে হাসপাতালে ভর্তিও করা হয়।এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম লস্করকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যতম কাজ ছিল অপপ্রচার ও গুজবের উৎস ও কারণ অনুসন্ধান। তবে কমিটির একাধিক সদস্য বলেছেন, তাঁরা অনুসন্ধানকাজে ঢাকার বাইরে যাননি এবং গুজবের সুনির্দিষ্ট স্থান ও ব্যক্তি চিহ্নিত করতে পারেননি।এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি তদন্ত প্রতিবেদন পেয়েছেন। এই সপ্তাহের কোনো এক সময় তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।