ভিটামিন ‘এ’ নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, তবে...
ভিটামিনের মান নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। কাল সারা দেশের প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। তবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্যোগে করা মান পরীক্ষার প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ভিটামিন ক্যাপসুলগুলো পুরোপুরি জীবাণুমুক্ত নয়।গতকাল রোববার নিজ দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি পরীক্ষাগারে ভিটামিনের মান পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা প্রতিবেদনে দেখা যাচ্ছে, ভিটামিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান বজায় আছে।মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ভিটামিনের মান নিয়ে সন্দেহ হওয়ায় ডিসেম্বরে ভারতের একটি পরীক্ষাগারে ভিটামিনের মান পরীক্ষা করা হয়। তবে পরীক্ষার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় সরকার জানুয়ারির শেষ সপ্তাহে দ্বিতীয়বার সিঙ্গাপুরের পরীক্ষাগারে ভিটামিনের নমুনা পাঠায়। ২১ ফেব্রুয়ারির কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) পরিচালকের কাছে পরীক্ষা প্রতিবেদন পৌঁছায়।কাল মঙ্গলবার ছয় থেকে ৫৯ মাস বয়সী দেশের প্রায় আড়াই কোটি শিশুকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।