ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
এ উপলক্ষে নগরের আলকরণ এলাকার দোভাষ কলোনিতে সভার আয়োজন করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান ওরফে লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন করপোরেশনের সচিব রশিদ আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহানা পারভীন প্রমুখ।
মেয়র মোহাম্মদ মন্জুর আলম ছয় থেকে ১১ মাস বয়সী এক শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা নগরের ৪১টি ওয়ার্ডের এক হাজার ২৮৮ কেন্দ্রে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এতে করপোরেশনের প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।