ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২ জুন
আগামী ২ জুন শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে এক কোটি ৯০ লাখের বেশি শিশুকে। এ সময় ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। এবারের ক্যাম্পেইনের স্লোগান, ‘ভিটামিন “এ” খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’-এর অভাবজনিত সমস্যা বাংলাদেশের একটি অন্যতম প্রধান পুষ্টি সমস্যা। প্রতিবছর সারা বিশ্বে প্রায় পাঁচ লাখ শিশু ভিটামিন ‘এ’-এর অভাবজনিত কারণে রাতকানা রোগে ভোগে ও অন্ধত্ব বরণ করে। বাংলাদেশে এ ধরনের অসুস্থতার কারণে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের এক-তৃতীয়াংশ মৃত্যুবরণ করে। তবে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত কারণে রাতকানা রোগের প্রাদুর্ভাব বাংলাদেশে অনেকাংশেই কমে গেছে।দেশব্যাপী সরকারি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এক লাখ ৪০ হাজার স্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও এলবেন্ডাজল বড়ি খাওয়ানো হবে।