ভিটামিন 'এ' প্লাস নিয়ে মানিকগঞ্জে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ সভার আয়োজন করে।
সভায় সিভিল সার্জন ইমরান আলী বলেন, ভিটামিন এ প্লাসের অভাবে অন্তঃসত্ত্বা মা ও শিশু উভয়ই রাতকানা, দীর্ঘমেয়াদি ডায়রিয়া, হামসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সবুজ শাকসবজি ও হলুদ ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। শাকসবজি কাটার পর পানিতে ধুলে ভিটামিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার। ভিটামিন এ প্লাস নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ইমরান আলী। সভায় জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক লুৎফর রহমান, ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আকতারুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৪৯টি শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ১ লাখ ৬৭ হাজার ৫২৭টি শিশুকে ১০ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।