‘হামাগেরে ভিটেমাটি আর হয়তো থাকপি না। চোখের সামনে এই এলাকার খেতের জমিত থেকে মেশিন দিয়ে বালু তুলে গর্ত করে ফেলা হয়েছে। এখন আর ওই খেতে কোনো চাষ হয় না। দুই বছর ধরে খেতের জমি নষ্ট করে বালু তুলে লিয়ে যাচ্ছে। পুলিশের লোকজন মাঝেমধ্যে আইসা বালু তোলার লোকজনের সঙ্গে কী যেন কতা কয়্যা চলি যায়। এগলান বালু তোলা কি বন্ধ হবি না, বাবা?’এমনই আকুতি জানিয়ে কথাগুলো বলছিলেন বগুড়া সদরের মানিকচক গ্রামের বৃদ্ধ তবির উদ্দিন। বগুড়া পৌরসভার মানিকচক ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বালু তুলে ফসলি জমি ধ্বংস ও পরিবেশের ক্ষতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তবির উদ্দিনসহ এলাকার অনেক মানুষ। তাঁদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, মানিকচক, কালীবালা, বালাপাড়া ও রাজাপুর এলাকায় অবৈধভাবে বালু তোলা হচ্ছে মেশিন দিয়ে। মাসের পর মাস এভাবে বালু তোলার কারণে ফসলি জমি এখন পুকুরে পরিণত হয়েছে। বালুর ব্যবসায়ীরা জমি কিনে নিয়ে বালু তোলা শুরু করেন। এর পর পাশের জমি ধসে গেলে এক প্রকার জোর করে এসব জমি কিনে নিয়ে বালু তোলেন। বালুর ব্যবসায়ীরা এতই প্রভাবশালী যে তাঁদের ভয়ে এলাকার লোকজন কিছু বলতে পারে না। কালীবালা গ্রামের হজরত আলী বলেন, ‘এখন যেটি বালু তুলিচ্ছে, সেটি হামাগেরে বাড়ি আছিল। বালু তোলার কারণে তাঁর বাড়ি ও জমিতে ধস নামে। বাধ্য হয়ে দুই বছর আগে এসব জমি কম দামে বিক্রি করে এখন কালীবালা গ্রামে আছি।’ একই গ্রামের জালাল উদ্দিন বলেন, এখন যে জায়গাতে বালু তোলা হচ্ছে, সেখানে দুই বছর আগেও রাস্তা ছিল। এখন নদী হয়ে গেছে। বাড়িঘর সরাতে হয়েছে। মানিকচক এলাকার গৃহবধূ হাজেরা বেগম বলেন, যারা বালু তোলে, তারা আগে এসে জমি কিনতে চায়, জমি না দিলে ভয় দেখায়। এভাবে তারা জোর করে দুই-তিনজনের কাছ থেকে জমি কিনে বালু তোলার সময় পাশের জমি ধসে যায়। তখন ওই জমির মালিক বাধ্য হয় জমি বিক্রি করতে। আরেক গৃহবধূ মিষ্টি খাতুন বলেন, দিন-রাতে ৮ থেকে ১০টি মেশিন চলে। অনেক ট্রাক এসে বালু নিয়ে যায়। কখনো পুলিশ এসে চলে যায়। বালু যারা তোলে, তাদের সঙ্গে কথা বলে চলে যায়।ফসলি জমি নষ্ট করে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক নাজমুল হক বলেন, এভাবে বালু তোলা অবৈধ। ফসলি জমি থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করতে হলে জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। এভাবে বালু উত্তোলন করলে পরিবেশের ক্ষতি হয়। ভূমিধস দেখা দেয়। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নিতে পারে।বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা পারভীন বলেন, কেউ কেউ জমি কিনে সেখানে বালু উত্তোলন করছে বলে তিনি শুনেছেন। আইনের কিছু দুর্বলতার কারণে অনেক সময় তাদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, সেখানে পুলিশের যাওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মেশিন জব্দ করা হয়েছে। তাঁদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।