ভিটেবাড়ি রক্ষায় পুলিশের সহায়তা কামনা
ভিটেবাড়ি রক্ষা, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ, বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশের সহায়তা চেয়েছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নালনগর গ্রামের জামালউদ্দিন। তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাঁকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে কিছু লোক। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।গত সোমবার বেলা ১১টায় জামালউদ্দিন নগরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। মানববন্ধনে চার গ্রামের মানুষ অংশ নেয়।জামালউদ্দিন বলেন, ‘আমাদের পরিবার ২৯ বছর ধরে ক্রয় করা সম্পত্তিতে বসবাস করে আসছে। গত ২৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের আবদুল জলিল ও তাঁর ছেলে গ্রেপ্তারি পরোয়ানার আসামি মনির হোসেনের নেতৃত্বে বাড়িঘরে হামালা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ব্যাপারে থানায় মামলার জন্য গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন মামলা নেননি। ৪ আগস্ট আবদুল জলিল ও মনির হোসেনসহ ১০ জনের নামে আদালতে মামলা করি।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আবদুল জলিল বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। তবে ২৭ সেপ্টেম্বর আমি আমার জায়গা দখলের জন্য গিয়েছি। কোনো ধরনের লুটপাট করিনি।’ আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও দখল করতে গেলেন কেন, এ প্রশ্নের কোনো জবাবে তিনি দেননি।