ভিড় ঠেলে বাড়ির পথে
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ছুটছে মানুষ। চট্টগ্রাম নগরের বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড় বেড়েই চলেছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায় যাত্রীদের প্রচণ্ড ভিড়। ভিড় ঠেলে ট্রেনে উঠছে যাত্রীরা। বগিতে জায়গা না পেয়ে অনেককে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, আজ বুধবার শেষ কার্যদিবস। আজ দুপুরের পর যাত্রীদের চাপ আরও বাড়বে। তাঁরা সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বাস ও রেলস্টেশনে ভিড় থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেমন যানজট না থাকায় সড়কপথে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছা যাচ্ছে। আর ট্রেনগুলোও সূচি মেনে চলাচল করছে।
চট্টগ্রাম রেলস্টেশনে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রী আরশাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজ বেলা তিনটার মহানগর গোধূলী ট্রেনে চড়ে স্ত্রী-সন্তানসহ বাড়ির উদ্দেশে রওনা হচ্ছি। টিকিট পেতেও কষ্ট হয়নি।’
রেলওয়ে সূত্র জানায়, যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে গত সোমবার রাত থেকে পণ্যবাহী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঈদ পর্যন্ত কনটেইনারবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সূচি মেনে সব ট্রেন চালানোর চেষ্টা করছি। তবে ডাবল লাইনের কাজ চলার কারণে টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। এ কারণে ট্রেনের গন্তব্যে পৌঁছাতে নির্দিষ্ট সময়ের চেয়ে ২৫-৩০ মিনিট সময় বেশি লাগছে।’
এদিকে সংশ্লিষ্ট সূত্রমতে, সড়কপথেও ভোগান্তি কমে আসছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তেমন না থাকায় পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছানো যাচ্ছে। সাড়ে তিন বা চার ঘণ্টার মধ্যে নোয়াখালীতেও পৌঁছে যাচ্ছে যাত্রীবাহী বাস। আগে ঈদের সময় একটি বাস দুবারের বেশি আসা-যাওয়া করতে পারত না। এবার বাসগুলো তিনবারের বেশি আসা-যাওয়া করতে পারছে। এ কারণে টার্মিনালে গাড়ির অভাব নেই।
কদমতলী বাস টার্মিনালে নোয়াখালীর সোনাপুরগামী বাসযাত্রী আবুল হোসেন বলেন, তিনি খবর নিয়ে জেনেছেন, মহাসড়কে কোনো যানজট নেই।
রেলওয়ে ও বাস কাউন্টার সূত্র জানায়, চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী স্টেশন ও জেলাগুলোর টিকিটের চাহিদা বেশি। তবে ঢাকাগামী টিকিটের চাহিদা তুলনামূলক অনেক কম।
চট্টগ্রাম নগরের দামপাড়ার একটি বাস সার্ভিসের কাউন্টারের কর্মী শরীফুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীর চাপ কিছুটা কম।