জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন কেউ, কারও চুলে ধরেছে পাক। কেউ বা সবে সন্তানের বাবা হয়েছেন, কেউ বা আবার দাদা। তবে সবার একটাই পরিচয়। তাঁরা ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র—ফৌজিয়ান। স্ত্রী, পরিবার-পরিজন, সন্তানসহ এসেছেন সাবেক এই শিক্ষার্থীরা। কলেজের প্যারেড গ্রাউন্ড ও চত্বরের ভিড়ের মধ্যে খুঁজেছেন বহু দিন দেখা না হওয়া মুখ, কবেকার ফেলে আসা সেই সহপাঠীকে। কলেজ ক্যাম্পাস তখন হয়ে ওঠে মিলনমেলা, অনির্বচনীয় আনন্দের এক তীর্থস্থান।
চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এ পর্যন্ত পাস করে বের হয়েছে ৫৫টি ব্যাচ। ২৫ ডিসেম্বর কলেজটির সব ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের। সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এই কলেজেরই ছাত্র ছিলেন। তিনিও এসেছেন এই উৎসবে।
গতকাল শুক্রবার সকালে উৎসবের দ্বিতীয় দিনে অ্যাথলেটিক্স গ্রাউন্ডে ‘সিরিমনিয়াল প্যারেড’ হয়। তাতে সপ্তম শ্রেণির ছাত্র থেকে শুরু করে ৫৪ বছর আগে পাস করে বেরিয়ে যাওয়া ফৌজিয়ানও অংশ নেন। ঢোলের তালে তালে, গানের সুরে সুরে অংশগ্রহণকারীরা কুচকাওয়াচ করে অ্যাথলেটিক্স গ্রাউন্ড প্রদক্ষিণ করেন। তখন তাঁদের স্ত্রী-সন্তানেরা মুহুর্মুহু করতালির মাধ্যমে উৎসাহ যোগাচ্ছিলেন ফৌজিয়ানদের।
এরপর ক্যাডেটরা সেখানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। ‘পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়’, কিংবা ‘মালেকা বানুর দেশে রে..’ ইত্যাদি গানের সুরে ডিসপ্লে প্রদর্শন করেন ক্যাডেটরা। এরপর টেনিস গ্রাউন্ডে উৎসবের কেক কাটা হয়।
দ্বিতীয় দিনে উৎসবে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এই কলেজের তিনি ষষ্ঠ ব্যাচের ছাত্র ছিলেন। সহপাঠীদের পেয়ে তিনিও আবেগাপ্লুত হয়ে যান। আড্ডায় মেতে ওঠেন পুরোনো বন্ধুদের সঙ্গে।
আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমি আবেগাপ্লুত। বন্ধুদের পেয়ে আবার পুরোনো দিনের স্মৃতি যেন খুঁজে বেড়াচ্ছিলাম।’
গতকাল পুনর্মিলনী অনুষ্ঠানে স্ত্রীসহ যোগ দেন কলেজের প্রথম ব্যাচের ছাত্র গাজী এনামুল হক রহমানী। পুরোনো বন্ধুদের পেয়ে আড্ডায় মেতে ওঠেন। তিনি বলেন, ‘এ কলেজের ইট-বালু-কণার সঙ্গে আমার পরিচয়। কলেজ ক্যাম্পাসে যতবার আসি, ততবারই আবেগাপ্লুত হয়ে যাই।’
তৃতীয় ব্যাচের ছাত্র আবদুল মালেককে কলেজ ক্যাম্পাসে প্রাণচঞ্চল দেখা গেছে। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে।’
ঢাকা থেকে একমাত্র কন্যাকে নিয়ে উৎসবে যোগ দেন ইডেন কলেজের প্রভাষক শামস আরা জাহান। তাঁর স্বামী মো. মাহবুবুল আলম ৩৭তম ব্যাচের ফৌজিয়ান। মাহবুব বন্ধুদের সঙ্গে যখন মাঠের এক কোণায় আড্ডা দিচ্ছিলেন, তখন মেয়েকে নিয়ে উৎসবের কেক খাচ্ছিলেন শামস আরা। তিনি বলেন, ‘কলেজটির উৎসবে এই প্রথম এলাম। স্বামীর স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাস আমারও ভালো লাগছে।’