ভিডিও কনফারেন্স করতে চান মইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনা ব্যাখ্যায় ভিডিও কনফারেন্স করতে চেয়ে সংসদীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চিঠিটি কয়েক দিন আগেই এসেছে। পারিবারিক সফরে দেশের বাইরে থাকায় তিনি এখনো তা দেখেননি। চিঠিটি পড়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খবর বাসসের।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের ১৯ আগস্ট রাশেদ খান মেননকে আহ্বায়ক করে চার সদস্যের সংসদীয় উপকমিটি করা হয়। কমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদকে দুবার চিঠি দেওয়া হয়।দুবারই সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের এই প্রধান দুই কর্মকর্তা কমিটিতে আসতে অপারগতা প্রকাশ করে চিঠি দেন। চিঠির মাধ্যমে পাঠানো বক্তব্যকে ‘অর্থহীন’ আখ্যা দিয়েছিল সংসদীয় উপকমিটি। গত ৫ জুন কমিটির সপ্তম বৈঠকের পর রাশেদ খান মেনন জানিয়েছিলেন, পরে এ দুজন কমিটির সঙ্গে যোগাযোগ না করলে তাঁদের দায়ী করে প্রতিবেদন চূড়ান্ত করা হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মইনের চিঠি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দপ্তরে পৌঁছায়। গতকাল সকালে ওই দপ্তরে চিঠির বিষয়ে জানতে চাওয়া হলে বলা হয়, এমন কোনো চিঠি আসেনি।সূত্র আরও জানায়, সংসদ সচিবালয় ইতিমধ্যে কমিটির প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। তবে মইনের চিঠির পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়।এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭-এর সিনিয়র সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিকী বলেন, ‘কমিটির প্রতিবেদনের কাজ আমরা শুরু করেছি। তবে মইনের চিঠির বিষয়ে কমিটির সভাপতিই সিদ্ধান্ত নেবেন।’