বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের সহিংস ঘটনা তদন্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদীয় কমিটির কাছে বক্তব্য দিতে চান সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ। তবে কমিটি তাঁকে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলেছে।জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির ১৮ এপ্রিলের সভায় বক্তব্য দেওয়ার জন্য মইন উ আহমেদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে চিঠি দেওয়া হয় গত ২৯ মার্চ। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭ থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত এ দুটি চিঠি পাঠানো হয়। ঠিকানা না পাওয়ায় ফখরুদ্দীন আহমদের চিঠি পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে এবং মইন উ আহমেদের চিঠি পাঠানো হয় সশস্ত্র বাহিনী বিভাগে। মইন উ আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সংসদীয় উপকমিটির সভাপতি রাশেদ খান মেনন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মইন উ আহমেদ তাঁর প্রতিনিধির মাধ্যমে কমিটির একজন কর্মকর্তার কাছে প্রস্তাব পাঠিয়েছেন, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির কাছে বক্তব্য দিতে চান। তবে কমিটি তাঁকে লিখিতভাবে বক্তব্য জানাতে বলেছে। একই সঙ্গে কমিটির সভায় উপস্থিত হয়ে তাঁর বক্তব্য দিতে বলা হয়েছে।রাশেদ খান মেনন বলেন, ‘মইন উ আহমেদ অনানুষ্ঠানিকভাবে কথা বলতে চেয়েছেন। কিন্তু কমিটি তাঁর আনুষ্ঠানিক বক্তব্য চায়।’