ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাটাখালী সেতুর উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর ওপর তৈরি ১৭০ মিটার দীর্ঘ ‘বাটাখালী সেতু’ আজ বৃহস্পতিবার থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ওপর নির্মিত এই সেতুর উদ্বোধন করবেন।
এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে এক সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে এই সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স সঞ্চালনা করবেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মালেক।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বাটাখালী সেতু চালু হলে সাগর দ্বীপ মহেশখালী উপজেলার দুই লাখ মানুষ সুবিধা ভোগ করবে। মহেশখালীতে উৎপাদিত লবণ, পান, চিংড়ি, সামুদ্রিক মাছ ও শুঁটকি অল্প সময়ে চকরিয়া হয়ে কক্সবাজার অথবা চট্টগ্রাম সরবরাহ সম্ভব হবে। অন্যদিকে মহেশখালীতে সহজে এবং কম সময়ে যাতায়াতের সুযোগ পাবেন উপকূলের মানুষ। সেতু না থাকায় এত দিন নৌকা নিয়ে মাতামুহুরী নদী অতিক্রম করে লোকজনকে মহেশখালী যেতে হতো।
সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জানান, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১৭০ দশমিক ৭৮ মিটারের এই সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করে সড়ক ও জনপথ অধিদপ্তর। মাতামুহুরী নদীর ওপর ২০০৬ সালে সেতুটির নির্মাণ শুরু হয় এবং শেষ হয় গত ৩০ জুন। সেতুটি চালু হলে দেশি-বিদেশি পর্যটকেরাও নিরাপদে মহেশখালী ভ্রমণের সুযোগ পাবেন।