ভিডিও চিত্র বানিয়ে পুরস্কার পেলেন তিন তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মুহাম্মদ গোলাম সরোয়ার সরকার। একদিন ক্যাম্পাসে হুট করেই দেখা পেয়ে যান বৃক্ষপ্রেমী এক ব্যক্তির। গায়ে গাছ ও পাতা লাগিয়ে অভিনব উপায়ে গাছ রোপণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন তিনি।

ওই ব্যক্তিকে নিয়ে একটি ভিডিও চিত্র তৈরির চিন্তা আসে গোলাম সরোয়ারের। কিন্তু কী দিয়ে করবেন? ভালো ভিডিও ক্যামেরা তো নেই। শেষে মোবাইল ফোনের ক্যামেরাতেই ভরসা রাখলেন তিনি। স্মার্টফোনে তোলা সেই ভিডিও চিত্রই পেয়ে গেছে পুরস্কার। প্রথম আলো আয়োজিত ‘বর্ণময় জীবন’ নামের ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছে গোলাম সরোয়ারের তৈরি ভিডিও ‘বৃক্ষমানব’।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের (ডানে) সঙ্গে বিজয়ীরা। ছবি: আবদুস সালাম
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের (ডানে) সঙ্গে বিজয়ীরা। ছবি: আবদুস সালাম

গত এপ্রিল মাসে প্রথম আলো এ প্রতিযোগিতা আহ্বান করে। গত ৩০ মে ছিল ভিডিও চিত্র জমা দেওয়ার শেষ দিন। পাওয়া সব ভিডিও থেকে সাতটি ভিডিও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে (www.youtube.com/ProthomAlo) প্রকাশিত হয়।

গত ৩১ জুলাই পর্যন্ত ভিডিওগুলো কতজন দর্শক দেখেছেন, প্রতিক্রিয়া বা মন্তব্য জানিয়েছেন—তার ওপর ভিত্তি করে ৫০ নম্বরের মূল্যায়ন করা হয়। এ ছাড়া বিষয়, নির্মাণশৈলী, সংগীত ইত্যাদির ওপর আরও ৫০ নম্বরের মূল্যায়ন করে বিচারকেরা। মোট ১০০ নম্বরের ভিত্তিতে হয় চূড়ান্ত মূল্যায়ন।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইয়াসির ইউনুছ। তাঁর তৈরি ভিডিও চিত্রটির নাম ছিল ‘সুমীর পক্ষীরাজ’। এর মধ্য দিয়ে একজন নারীর জীবনসংগ্রামকে ক্যামেরাবন্দী করেছেন তিনি। ইয়াসির পপুলেশন সায়েন্সে পড়ছেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ হাজার টাকা।

আরও প্রামাণ্যচিত্র তৈরির চেষ্টা করছেন ইয়াসির। বানিয়েছেনও বেশ কয়েকটি। সেগুলো দেশ ও দেশের বাইরে প্রদর্শিতও হয়েছে। ইয়াসির বলেন, প্রথম আলোর দেওয়া এই স্বীকৃতি তাঁকে উৎসাহিত করেছে। আরও কিছু কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দ্বিতীয় পুরস্কার হিসেবে মুহাম্মদ গোলাম সরোয়ার সরকার পেয়েছেন ১৫ হাজার টাকা। অন্যদিকে তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা পেয়েছেন ইমরান খান। তাঁর তৈরি ভিডিও চিত্রের নাম ‘আওয়ার প্লেজ টু প্লেইজারিজম’। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়ছেন তিনি। নিয়মিতই প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম তৈরির কাজ করছেন।

ইমরান বলেন, এখন এটিই তাঁর প্যাশন। বিভিন্ন সিনেমা দেখতে দেখতেই ক্যামেরার কাজের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। বিশেষ করে হলিউডের লর্ড অব দ্য রিংস সিরিজের ছবিগুলো তাঁকে বেশি অনুপ্রাণিত করেছে।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। বিজয়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রথম আলোর ভিডিও চিত্র বিভাগের পরিধি বাড়ানো হচ্ছে। আশা করব, নিজেদের সৃষ্টিশীল কাজের প্ল্যাটফর্ম হিসেবে এর সঙ্গে আপনারা যুক্ত হবেন।’

পুরস্কার নেওয়ার পর বিজয়ীদের সঙ্গে টুকটাক কথা হচ্ছিল। তাঁরা বলছিলেন, পুরস্কারের অর্থ পুঁজি করে শিগগিরই নতুন কাজে হাত দেবেন তাঁরা। ক্যামেরার লেন্সে বন্দী করবেন মানুষের জীবনের গল্প।