ভিডিও চিত্র বানিয়ে পুরস্কার পেলেন তিন তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মুহাম্মদ গোলাম সরোয়ার সরকার। একদিন ক্যাম্পাসে দেখতে পান বৃক্ষপ্রেমী এক ব্যক্তির। গায়ে গাছ ও পাতা লাগিয়ে অভিনব উপায়ে গাছ রোপণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন তিনি।

নিজের স্মার্টফোনে ওই ব্যক্তিকে নিয়ে ভিডিও চিত্র তৈরি করেন গোলাম সরোয়ার। সেই ভিডিও চিত্রই পেয়েছে পুরস্কার। প্রথম আলো আয়োজিত ‘বর্ণময় জীবন’ নামের ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছে গোলাম সরোয়ারের তৈরি ভিডিও ‘বৃক্ষমানব’।

গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইয়াসির ইউনুছ। ভিডিও চিত্রটির নাম ‘সুমীর পক্ষীরাজ’। পুরস্কার হিসেবে তিনি পান ২০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ছিল ১৫ হাজার টাকা। তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা পান ইমরান খান। তাঁর তৈরি ভিডিও চিত্রের নাম ‘আওয়ার প্লেজ টু প্লেইজারিজম’। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়েন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।