ভিডিও ছড়ানোর অভিযোগে মামলা
সাতক্ষীরায় স্কুলছাত্রীর কুরুচিপূর্ণ ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।আসামিরা হলো আরিফ হোসেন, ইমরান হোসেন, সাগর হোসেন, সোহেল হোসেন, মিজানুর রহমান ও সাকিনুর রহমান।ছাত্রীর মা অভিযোগ করেন, তাঁর মেয়ে শহরের একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় আরিফ তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি তার পরিবারকে জানিয়েও লাভ হয়নি। এতে আরিফ আরও বেপরোয়া হয়ে ওঠে। ৫ মে দুপুর ১২টার দিকে শহরের খড়িবিলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে আরিফসহ কয়েকজন তরুণ ছাত্রীর গতিরোধ করে। এ সময় আরিফ, ইমরান, সোহেল ও সাগর তাকে জোরপূর্বক টানতে টানতে পাশের একটি মাঠে নিয়ে যায়। সেখানে আরিফ তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। আরিফের মুঠোফোন নিয়ে সহযোগী ইমরান মুঠোফোনে তা ধারণ করে রাখে। পরে চিৎকার শুনে আশপাশের শ্রমিক ও পথচারীরা তাকে উদ্ধার করে। পরে ওই ভিডিও বিভিন্ন মুঠোফোনে ছড়িয়ে দেয় তারা। ১৬ মে আরিফ ও তার সহযোগীরা ভিডিওর সিডি তৈরি করে বাড়িতে পাঠায়। কথা বলার জন্য অভিযুক্ত আরিফ, সোহেল, সাগর ও সাকিনুরের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।