ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নে এক তরুণী চাচাতো ভাই ও তাঁর সাঙ্গপাঙ্গদের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ ধর্ষণের ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ এ ঘটনায় তরুণীর বাবা গত মঙ্গলবার তাঁর ভাতিজাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন৷ ১০ জুন মেয়েটি ধর্ষণের শিকার হয়৷
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মেয়েটিকে নির্যাতনের মূল হোতা আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতার ছেলে৷ সে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। সম্পর্কে সে ওই মেয়েটির চাচাতো ভাই। অন্যরা হচ্ছেন মুশুলি ইউনিয়নের মাইজহাটি গ্রামের রাকীব মিয়া (১৮) ও আচারগাঁও ইউপির ধরগাঁও গ্রামের রাসেল মিয়া (১৮)৷ এ ছাড়া এক যুবককে চিহ্নিত করা যায়নি৷
ছেলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রািজ হননি৷
মঙ্গলবার মেয়েটির বাবা কাঁদতে কাঁদতে বলেন, তাঁর মেয়ে এবারই এইচএসসি পরীক্ষা দিয়েছে৷ পরীক্ষা শেষ হলে সে নিজের মুঠোফোনে গান ডাউনলোড করে দিতে চাচাতো ভাইকে মেমোরি কার্ডটি দেয়৷ এর দুই দিন পর ১০ জুন কার্ড ফেরত নিতে মেয়েটিকে আবার কলেজে যেতে বলে ছেলেটি৷ পরে সেখান থেকে ফুসলিয়ে কাছের পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে চার বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে৷ পরীক্ষার তিন থেকে চার মাস আগেও একবার মেয়েটির চেহারার সঙ্গে নগ্ন এক মেয়ের শরীরের ছবি লাগিয়ে কে বা কারা মুঠোফোনে ছড়িয়ে দিয়েছিল। তখন প্রচণ্ড ভেঙে পড়লেও মেয়েটি পরীক্ষা দেয়৷ কিন্তু ধর্ষণের পর সে দৃশ্য মুঠোফোনে ছড়িয়ে দিলে আর সহ্য করতে না পেরে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায় সে৷ এখন মেয়েকে সাবধানে রাখতে এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দিয়েছেন৷ মেয়ের আরও বড় ক্ষতির আশঙ্কায় মামলা করতে দ্বিধায় ছিলেন বলে জানান তরুণীর বাবা৷
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, মেয়েটির বাবা তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করেছেন৷ ভিডিও দেখে ঘটনাস্থল চিহ্নিত করা গেছে৷ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে ময়মনসিংহ শহরের একাধিক ছাত্রাবাসে অভিযান চালানো হয়েছে৷ তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি৷