আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ১০ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা। কেন্দ্রীয় নেতারাও কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। অনুষ্ঠানের ভিডিও সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।
গত শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে এ সমাবেশ হয়। জনসভায় ওবায়দুল কাদেরের আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বক্তৃতা করছিলেন। এ সময় মাঠের মাঝের অংশে হঠাৎ কয়েকজন কর্মী একে অন্যের দিকে চেয়ার ছুড়ে মারছিলেন। এতে সমাবেশে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা দেখা দেয়। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নেত্রী আছে—কোন সেই নেত্রী’ বলে স্লোগান দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘নগরের একটি কলেজের ছেলেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব থেকে মাঠের ভেতরে বিবাদে জড়িয়ে পড়ে।’ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘এমইএস কলেজের বিবদমান দুটি অংশের নেতা-কর্মীরা জড়িত বলে আমরা জানতে পেরেছি। কেন্দ্রীয় নেতারা দায়ী তরুণদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় নেতারা বলেছেন, এরা অনুপ্রবেশকারী। দলের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে অনুপ্রবেশকারীরা জড়িত।’
এদিকে নগরের ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ও নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ওয়াসিম উদ্দীন লালদীঘির মাঠে চেয়ার ছোড়াছুড়ির সঙ্গে তাঁর অনুসারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের বক্তৃতা শুরু করার পর আমরা মাঠে পৌঁছাই। অভিযোগ প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব।’
এ বিষয়ে এমইএস কলেজের ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বলেন, ‘ঘটনার সময় আমি মঞ্চের পাশে ছিলাম। আর আমাদের ছেলেরা ওবায়দুল কাদেরের বক্তৃতার সময় মাঠে প্রবেশ করে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াসিমের অনুসারীদের সঙ্গে তাঁর অনুসারীরা একসঙ্গে মাঠে প্রবেশ করেননি।
চেয়ার ছোড়াছুড়ির সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষমা নেই বলে জানান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, এত বড় একটা সুন্দর আয়োজন গুটি কয়েক উচ্ছৃঙ্খল তরুণের জন্য কলঙ্কিত হলো। ভিডিও দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।