ভিডিও দেখেও দোষীদের চিনছে না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের শিশু সাদ্দামকে নির্যাতনের সময় মুঠোফোনে ধারণ করা ভিডিওর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের শিশু সাদ্দামকে নির্যাতনের সময় মুঠোফোনে ধারণ করা ভিডিওর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

ময়মনসিংহে মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে শিশু সাদ্দাম হোসেনকে (১২) নির্যাতনের পর এর ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। তবু পুলিশ নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারছে না।
সারা দেশে একের পর এক শিশু নির্যাতনের ঘটনার ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের আন্তজেলা বাস টার্মিনালে সাদ্দামের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। ধারণ করা হয় নির্যাতনের ভিডিও চিত্র। পরের দিন গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে ধারণকৃত ভিডিওটি প্রকাশ পায়। এ ঘটনায় ময়মনসিংহে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিও চিত্রে নির্যাতনকারীদের স্পষ্ট দেখা যাচ্ছে। অথচ পুলিশ বলছে অস্পষ্ট। তাই নির্যাতনকারীদের শনাক্ত করতে পারছে না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নির্যাতনের ঘটনায় নেতৃত্বদানকারীরা প্রত্যেকে বাস টার্মিনাল এলাকার প্রভাবশালী ব্যক্তি। তাঁদের মধ্যে একজন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা।
এই ঘটনার কয়েক দিন আগে ১২ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলার বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ হাসান ও ইমনকে একটি বাড়িতে আটকে ছয় ঘণ্টা নির্যাতন করা হয়েছিল। ধারণ করা হয়েছিল সে ঘটনারও ভিডিও চিত্র। ঘটনাটিতে একজন সেনা ও একজন র্যাব সদস্যসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়।
ময়মনসিংহে শিশু সাদ্দামকে নির্যাতনের ঘটনাতেও মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মা পারভীন আক্তার বাদী হয়ে চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করেন। মামলার পর তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি শহরের কৃষ্টপুর এলাকার একটি বস্তিতে থাকেন।
ভিডিও দেখে স্থানীয় অনেকেই জানান, নীল শার্ট ও সাদা লুঙ্গি পরা যে ব্যক্তি নির্যাতনে নেতৃত্ব দেন, তিনি ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সফির উদ্দিন ওরফে সরু। তাঁর সঙ্গে আর যাঁরা ছিলেন তাঁরাও টার্মিনাল এলাকার প্রভাবশালী ব্যক্তি।
এ ব্যাপারে জানতে সফির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ভিডিও বেশ অস্পষ্ট। যা দেখে নির্যাতনকারী ব্যক্তিদের চেনা যায়নি। তবে পুলিশের তদন্ত চলছে।
নির্যাতিত শিশু ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে সাদ্দাম কিছু টাকা আনার জন্য নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে তার এক আত্মীয়ের বাড়িতে যায়। আত্মীয়ের বাড়ি তালাবদ্ধ পেয়ে দুপুরে ফিরে আসে। তখন ময়মনসিংহ পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনালে এক নারীর হাতব্যাগ থেকে মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে চার-পাঁচজন সাদ্দামকে মারধর করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রাত নয়টার দিকে পারভীন আক্তার থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে যান। পরে সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে সাদ্দামকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল শুক্রবার সাদ্দাম প্রথম আলোকে বলে, ‘আমি চুরি করিনি। পায়ে ধরে অনুরোধ করেছি আমাকে না মারতে। তারপরও তারা আমাকে কয়েকটা লাথি মারে। মাটিতে ফেলে বুকেও লাথি মারে কয়েকজন। আমার বুক ও পিঠে এখনো ব্যথা।’ কারা মারধর করেছেন, জানতে চাইলে সাদ্দাম বলে, ‘আমি তাদের নাম জানি না। তবে একজন বয়স্ক লোক আমাকে বেশি মারে। তাকে বাসস্ট্যান্ডে মাঝে মাঝে দেখা যায়।’
ভিডিও চিত্রে দেখা যায়, নীল রঙের শার্ট ও সাদা লুঙ্গি পরা মাঝবয়সী একজন নির্যাতনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি টার্মিনালের প্রধান সড়ক থেকে সাদ্দামকে ধরে একটি টিকিট কাউন্টারের পেছনে নিয়ে যান। সেখানে লাঠি দিয়ে সাদ্দামের হাতে মারেন। এ সময় সাদ্দাম পায়ে ধরে না মারার আকুতি জানালেও তিনি নিবৃত্ত হননি। পরে শ্মশ্রুমণ্ডিত প্রবীণ এক ব্যক্তি এগিয়ে এসে প্রতিবাদ করলে নীল শার্ট পরা ওই ব্যক্তি তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।